ঢাকা বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

কক্সবাজারে বৃদ্ধকে হত্যা, জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে মানববন্ধন

কক্সবাজার ব্যুরো
প্রকাশিত: এপ্রিল ২৪, ২০২৬, ০৮:১৫ পিএম
ছবি : রূপালী বাংলাদেশ

কক্সবাজারের রামুতে কালু বড়ুয়া (৬০) নামে এক বৃদ্ধকে কুপিয়ে ও জবাই করে হত্যার ঘটনায় জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে মানববন্ধন ও সমাবেশ করেছে ভুক্তভোগীর পরিবার ও এলাকাবাসী।

শুক্রবার (২৪ এপ্রিল) বিকেলে উপজেলার রামু মৈত্রী বিহার সংলগ্ন মাঠে এ প্রতিবাদী কর্মসূচির আয়োজন করা হয়।

এ সময় বক্তব্য দেন স্থানীয় গ্রামবাসী বিমল বড়ুয়া, নিহত কালু বড়ুয়ার স্ত্রী নমিতা বড়ুয়া, বোন বিধু বড়ুয়া, ভাই পরিমল বড়ুয়া, পুত্রবধূ সোমা বড়ুয়া, মেয়ে শিপ্রা বড়ুয়া, জামাতা পুলক বড়ুয়াসহ অনেকে।

অভিযোগ রয়েছে, একই এলাকার নিরঞ্জন বড়ুয়ার ছেলে টাম্বু বড়ুয়া এ হত্যাকাণ্ড ঘটায়। 

মানববন্ধন ও সমাবেশে বক্তারা নৃশংস এ হত্যাকাণ্ডের প্রধান আসামিসহ জড়িতদের দ্রুত গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।

গত ১৩ এপ্রিল ভোর সাড়ে ৫টার দিকে রামু উপজেলার ফতেখারকুল ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডের পূর্ব মেরংলোয়া এলাকায় তুচ্ছ ঘটনার জের ধরে কালু বড়ুয়াকে কুপিয়ে হত্যা করা হয় বলে জানা যায়।

ঘটনার পর খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছালে অভিযুক্ত টাম্বু বড়ুয়া একটি রক্তমাখা ছুরি নিয়ে পুলিশের কাছে আত্মসমর্পণ করেন বলে জানায় পুলিশ।

রামু থানার ওসি মোহাম্মদ মনিরুল ইসলাম ভুঁইয়া জানান, এ ঘটনায় থানায় হত্যা মামলা রেকর্ড করা হয়েছে। প্রধান আসামি টাম্বু বড়ুয়াকে গ্রেপ্তার করা হয়েছে। ঘটনায় আরও কেউ জড়িত আছে কি না তা তদন্ত করে দেখা হচ্ছে।