কক্সবাজারের টেকনাফে প্রায় ৩ কোটি ৫০ লাক্ষ টাকা মূল্যের ৭০ হাজার পিস ইয়াবা জব্দ করেছে বাংলাদেশ কোস্ট গার্ড। শুক্রবার (৮ মে) রাতে কোস্ট গার্ডের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সাব্বির আলম সুজন এ তথ্য নিশ্চিত করেন।
তিনি জানান, টেকনাফ থানার হ্নীলা ইউনিয়নের পশ্চিম সিকদারপাড়া এলাকায় গোপন সংবাদের ভিত্তিতে কোস্ট গার্ড স্টেশন টেকনাফ একটি বিশেষ অভিযান পরিচালনা করে।
অভিযান চলাকালে একটি বাড়িতে তল্লাশি চালিয়ে ৭০ হাজার পিস ইয়াবা জব্দ করা হয়, যার বাজারমূল্য প্রায় ৩ কোটি ৫০ লাখ টাকা।
তবে অভিযান চলাকালে কোস্ট গার্ডের উপস্থিতি টের পেয়ে মাদককারবারিরা পালিয়ে যায়। ফলে কাউকে আটক করা সম্ভব হয়নি।
জব্দ করা ইয়াবা পরবর্তী আইনানুগ প্রক্রিয়ার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে হস্তান্তরের কার্যক্রম চলছে।
কোস্ট গার্ড জানায়, মাদক পাচার প্রতিরোধে এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

