ঢাকা বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

‘১৭ বছরের জঞ্জাল এক দিনে পরিষ্কার করা যাবে না, সময় দিতে হবে’

নরসিংদী প্রতিনিধি
প্রকাশিত: জুন ৪, ২০২৬, ১১:২৪ এএম
ছবি : রূপালী বাংলাদেশ

বিএনপির যুগ্ম মহাসচিব ও নরসিংদী-১ আসনের সাবেক সংসদ সদস্য খায়রুল কবির খোকন বলেছেন, সমাজের মানুষের কল্যাণের জন্য যা যা করা দরকার, তার সব ধরনের পদক্ষেপ নিচ্ছেন তারেক রহমান। মানুষ যাতে শান্তিতে বসবাস করতে পারে, মানুষের মৌলিক অধিকার, আইনের শাসন ও বিচার বিভাগের স্বাধীনতা নিশ্চিত করাই তাদের লক্ষ্য।

তিনি আরও বলেন, ‘মানুষের কল্যাণে ভাগ্য পরিবর্তনের জন্য যে বরাদ্দ আসবে, সবকিছু আমরা জনগণের পাওনাটা পই-পই করে বুঝিয়ে দেব। এক চুল পরিমাণও দুর্নীতি হবে না—এটা আমরা বলতে পারি।’

বুধবার (৪ জুন) বিকেলে নরসিংদী সদর উপজেলার শিলমান্দী ইউনিয়নের শেখেরচর বাজার ধূমকেতু মাঠে বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাতবার্ষিকী উপলক্ষে আয়োজিত আলোচনা সভা, দোয়া মাহফিল ও গণভোজ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন খায়রুল কবির খোকন।

তিনি বলেন, আওয়ামী লীগের আমলে জনগণের সব বরাদ্দের টাকা লুট হয়েছে। তারা আঙুল ফুলে বটগাছ হয়নি, কলাগাছ হয়েছে। তারা পুকুর চুরি করেনি, সাগর চুরি করেনি—আকাশ চুরি করেছে। দেশের সব সম্পদ লুটপাট করা হয়েছে। প্রায় ৩০ হাজার কোটি টাকা বিদেশে পাচার করা হয়েছে, বাংলাদেশ ব্যাংক লুট করা হয়েছে, শেয়ারবাজার লুট করা হয়েছে। ব্যাংকগুলো খালি করে দেওয়া হয়েছে।

খায়রুল কবির খোকন আরও বলেন, ‘একটি বিধ্বস্ত অর্থনীতির ওপর আমাদের নেতা তারেক রহমান দেশ পরিচালনা করছেন। তাকে সময় দিতে হবে। ১৭ বছরের জঞ্জাল এক দিনে পরিষ্কার করা যাবে না, সময় লাগবে। জনগণের শান্তিতে বসবাস নিশ্চিত করতে জিয়াউর রহমান যা চেয়েছিলেন, তাই করা হবে। মাদক, সন্ত্রাস, চাঁদাবাজি, দুর্নীতি, ইভটিজিং এবং কিশোর গ্যাং—সবকিছুই বাংলাদেশ থেকে নির্মূল করা হবে, ইনশাআল্লাহ।’

দলের নেতাকর্মীদের উদ্দেশে তিনি বলেন, দলের কেউ যদি এসব কর্মকাণ্ডে জড়িত থাকে, তবে তাদের এক চুল পরিমাণও ছাড় দেওয়া হবে না। তাদের আইনের আওতায় আনা হবে এবং দলের শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে বহিষ্কার করা হবে। এ বিষয়ে কথায় নয়, কাজে প্রমাণ করা হবে।

শিলমান্দী ইউনিয়ন বিএনপির সভাপতি বোরহান উদ্দিনের সভাপতিত্বে অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন নরসিংদী জেলা বিএনপির সহসভাপতি বিজি রশিদ নওশের, নরসিংদী সদর উপজেলা বিএনপির সভাপতি আবু সালেহ চৌধুরী, সাধারণ সম্পাদক ইকবাল হোসেন, জেলা বিএনপির সদস্য রফিকুল ইসলাম, সদর উপজেলা যুবদলের আহ্বায়ক হুমায়ুন কবির রাসেলসহ স্থানীয় নেতাকর্মী ও সর্বস্তরের জনগণ।

আলোচনা সভা শেষে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের মাগফিরাত কামনায় দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়।