ঢাকা বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

‘আমি কর্মকর্তা নই, আমি কর্মকুত্তা’

চকরিয়া (কক্সবাজার) প্রতিনিধি
প্রকাশিত: মে ১৯, ২০২৬, ০৪:৪০ পিএম
কথা বলছেন চিরিংগা ইউনিয়ন ভূমি অফিসের উপ-সহকারী ভূমি কর্মকর্তা খালেদা বেগম। ছবি : রূপালী বাংলাদেশ

কক্সবাজারের চকরিয়ায় চলছে ভূমি মেলা। মেলায় বিভিন্ন ইউনিয়ন ভূমি অফিসের পক্ষ থেকে বসানো হয়েছে স্টল।

ভূমি মেলা চলাকালীন মেলার সার্বিক বিষয়ে চিরিংগা ইউনিয়ন ভূমি অফিসের উপ-সহকারী ভূমি কর্মকর্তা খালেদা বেগমের কাছে স্থানীয় সাংবাদিকরা জানতে চাইলে তিনি দাপটের সঙ্গে বলেন, ‘এটি ভূমি মেলা নয়, এটি ফেঁজা মেলা। আর আমি কর্মকর্তা নই, কর্মকুত্তা।’ বিষয়টি সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়েছে।

মঙ্গলবার (১৯ মে) সকালে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) কার্যালয়ের প্রাঙ্গণে এ ঘটনা ঘটে।

চিরিংগা ইউনিয়ন ভূমি অফিসের এই উপ-সহকারী কর্মকর্তা খালেদা বেগমের এমন কটাক্ষমূলক বক্তব্য সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে নিন্দার ঝড় ওঠে। একজন সরকারি কর্মচারীর এমন বক্তব্য সরকারের ভূমিসেবা কার্যক্রমের বিরুদ্ধে অবস্থানই শুধু নয়, এটি চাকরিবিধিমালারও সুস্পষ্ট লঙ্ঘন। তার বিরুদ্ধে নানা অনিয়ম, অসদাচরণ এবং সেবাগ্রহীতাদের সঙ্গে খারাপ আচরণের অভিযোগ রয়েছে।

এ বিষয়ে জানতে চাইলে চকরিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. শাহীন দেলোয়ার বলেন, ‘বিষয়টি আমি দেখেছি। একজন সরকারি কর্মকর্তার আচরণ এ রকম হওয়া কাম্য নয়। তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।’