কক্সবাজারের টেকনাফে প্রায় ৮ লাখ টাকা মূল্যের ২৭ কেজি গাঁজাসহ তিন মাদক কারবারিকে আটক করেছে বাংলাদেশ কোস্ট গার্ড। সোমবার (৮ জুন) দুপুরে কোস্ট গার্ড মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সাব্বির আলম সুজন এ তথ্য জানান।
কোস্ট গার্ডের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সাব্বির আলম সুজন জানান, কক্সবাজারের টেকনাফ থানার জিরো পয়েন্ট সংলগ্ন সমুদ্র এলাকায় রোববার (৭ জুন) বিকেল ৩টায় কোস্ট গার্ড আউটপোস্ট শাহপরী কর্তৃক গোপন সংবাদের ভিত্তিতে একটি বিশেষ অভিযান চালায়। এসময় ওই এলাকায় একটি সন্দেহজনক বোটকে থামার সংকেত দেওয়া হলে সেটি অমান্য করে একটি বস্তা সমুদ্রে ফেলে দ্রুতগতিতে পালিয়ে যাওয়ার চেষ্টা করে। পরে বস্তাটি উদ্ধার করে সেখানে গাঁজা পাওয়া যায়। পরে বোটটিকে ধাওয়া করে আটক করা হয়।
পরবর্তীতে, বোটে তল্লাশি চালিয়ে আরও একটি গাঁজা ভর্তি বস্তা জব্দ করা হয়। এসময় বস্তা দুইটি হতে ২৭ কেজি গাঁজা ও মাদক পাচারকাজে ব্যবহৃত বোট জব্দসহ তিন মাদক কারবারিকে আটক করা হয়।
জব্দকৃত আলামত ও আটক ব্যক্তিদের বিরুদ্ধে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।
ভয়াবহ মাদকের বিস্তার রোধে কোস্ট গার্ড ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত রাখবে বলে জানান সাব্বির আলম সুজন।

