অবশেষে স্থানীয় স্টেডিয়াম হচ্ছে চকরিয়া ও নবগঠিত মাতামুহুরী উপজেলায়।দীর্ঘদিন এই দুই উপজেলার মানুষের দাবি ছিল স্টেডিয়ামের। আর প্রতীক্ষা নয়, স্টেডিয়ামকে প্রকৃত রূপ দিতে খেলার মাঠ পরিদর্শনে এসেছেন ক্রীড়া মন্ত্রণালয়ের একটি প্রতিনিধি টিম।
সোমবার (২৬ জুলাই) দুপুরে ক্রীড়া মন্ত্রণালয়ের টিম চকরিয়ার ডুলাহাজারা খেলার মাঠ, পৌরসভার মগবাজার কমিউনিটি সেন্টার মাঠ, চকরিয়া সরকারি উচ্চ বিদ্যালয়ের খেলার মাঠ এবং মাতামুহুরী উপজেলার বিভিন্ন স্থান পরিদর্শন করেন।
পরিদর্শন শেষে চকরিয়া ও মাতামুহুরী উপজেলার নির্বাহী কর্মকর্তা মো. শাহীন দেলোয়ার,স্বরাষ্ট্র মন্ত্রীর প্রেস সচিব ছাফুয়ানুল করিম ও পৌরসভা বিএনপির সাধারণ সম্পাদক এম. আব্দুর রহিম বলেন, স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমেদের নির্দেশক্রমে চকরিয়া-মাতামুহুরীতে খেলার মাঠ পরিদর্শনে এসেছেন। দুই উপজেলায় দুটি মিনি স্টেডিয়াম নির্মাণ করবে সরকার। অন্যদিকে বাকি মাঠগুলো খেলার উপযোগী করা হবে। তরুণ সমাজ যুব সমাজ যেন ভুল পথে ধাবিত না হয় সেই লক্ষ্যেই সরকার কাজ করে যাচ্ছে।
এ সময় সহকারী কমিশনার (ভূমি) রূপায়ন দেব, জেলা বিএনপির দপ্তর সম্পাদক ইউসুফ বদরী,চকরিয়া জনস্বাস্থ্যের উপ-সহকারী প্রকৌশলী আল আমিন বিশ্বাস, পৌরসভা বিএনপির সিনিয়র সহ-সভাপতি গিয়াস উদ্দিন, উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক সোয়াইবুল ইসলাম সবুজসহ সরকারি পদস্থ কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

