গাজীপুরের শ্রীপুরে পুলিশের বিশেষ অভিযানে ১৪ হাজার ৪০০ পিস ইয়াবা ট্যাবলেটসহ কথিত এক মাদক কারবারিকে গ্রেপ্তার করা হয়েছে। এ সময় মাদক বিক্রির ৫৩ হাজার ৩০০ টাকা জব্দ করা হয়েছে।
পুলিশের দাবি, গ্রেপ্তার জাহাঙ্গীর এলাকায় দীর্ঘদিন ধরে মাদক ব্যবসা পরিচালনা করে আসছিলেন এবং তার বিরুদ্ধে একাধিক মাদক মামলাসহ বিভিন্ন মামলা রয়েছে।
সোমবার (২৭ জুলাই) দুপুর আড়াইটার দিকে উপজেলার কেওয়া পশ্চিমখণ্ড এলাকার প্রশিকা মোড়ের দক্ষিণ পাশে সাইজুদ্দিনের মালিকানাধীন পাঁচতলা ভবনের চতুর্থ তলার একটি ফ্ল্যাটে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।
শ্রীপুর মডেল থানা সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে সহকারী পুলিশ সুপার (কালিয়াকৈর সার্কেল)-এর নেতৃত্বে শ্রীপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ শাহীনুর আলম, পরিদর্শক (অপারেশন) সঞ্জয় সাহা, এসআই মো. আব্দুল জলিল মণ্ডল, এসআই আব্দুল আজিজসহ পুলিশের একটি দল ওই ফ্ল্যাটে অভিযান চালায়।
অভিযানের সময় মুলাইদ গ্রামের বাসিন্দা জাহাঙ্গীরকে আটক করা হয়। পরে উপস্থিত সাক্ষীদের সামনে ফ্ল্যাটের উত্তর-পূর্ব পাশের শয়নকক্ষ তল্লাশি করে একটি কালো রঙের কাঁধের ব্যাগ থেকে ১৪ হাজার ৪০০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। একই সঙ্গে মাদক বিক্রির নগদ ৫৩ হাজার ৩০০ টাকা জব্দ করে পুলিশ।
শ্রীপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ শাহীনুর আলম বলেন, মাদকের বিরুদ্ধে শ্রীপুর থানা পুলিশের অভিযান চলমান রয়েছে। গোপন তথ্যের ভিত্তিতে পরিচালিত এ অভিযানে বিপুল পরিমাণ ইয়াবা ও মাদক বিক্রির নগদ টাকা উদ্ধার করা হয়েছে। গ্রেপ্তার ব্যক্তি দীর্ঘদিন ধরে একটি বাসা ভাড়া নিয়ে মাদক ব্যবসার সঙ্গে জড়িত বলে প্রাথমিক তদন্তে তথ্য পাওয়া গেছে। তার বিরুদ্ধে একাধিক মাদক মামলাসহ বিভিন্ন মামলা রয়েছে।

