ঢাকা বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

পাচারকালে সিমেন্ট ও বার্মিজ লুঙ্গিসহ আটক ২২

টেকনাফ (কক্সবাজার) প্রতিনিধি
প্রকাশিত: ডিসেম্বর ১৩, ২০২৫, ০৮:৩৭ এএম
আটক ১১ পাচারকারী। ছবি : রূপালী বাংলাদেশ

কোস্ট গার্ডের পৃথক দুইটি অভিযানে মিয়ানমার ও বাংলাদেশে পাচারকালে বিপুল পরিমাণ সিমেন্ট ও বার্মিজ লুঙ্গিসহ ২২ জন পাচারকারীকে আটক করা হয়েছে।

শুক্রবার (১২ ডিসেম্বর) বিকেলে কোস্ট গার্ডের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সিয়াম-উল-হক এ তথ্য নিশ্চিত করেন।

তিনি জানান, গোপন সংবাদের ভিত্তিতে গত ১১ ডিসেম্বর বৃহস্পতিবার রাত ১০টায় কোস্ট গার্ড জাহাজ অপূর্ব বাংলা কর্তৃক সেন্ট মার্টিনের ছেড়াদ্বীপের দক্ষিণ-পশ্চিম সংলগ্ন সমুদ্র এলাকায় একটি বিশেষ অভিযান পরিচালনা করা হয়।

অভিযান চলাকালে ওই এলাকায় একটি সন্দেহজনক ফিশিং বোট তল্লাশি করে অবৈধভাবে শুল্ক-কর ফাঁকি দিয়ে মিয়ানমারে পাচারের উদ্দেশ্যে বহনকৃত প্রায় ৩ লাখ ৫০ হাজার টাকা মূল্যের ৭০০ বস্তা সিমেন্টসহ ১১ জন বাংলাদেশি পাচারকারীকে আটক করা হয়।

অপরদিকে, একই দিন মধ্যরাত ১২টায় একই জাহাজ কর্তৃক সেন্ট মার্টিনের ছেড়াদ্বীপের দক্ষিণ-পশ্চিম সংলগ্ন সমুদ্র এলাকায় আরেকটি সন্দেহজনক ফিশিং বোট তল্লাশি করা হয়।

এ সময় অবৈধভাবে শুল্ক-কর ফাঁকি দিয়ে মিয়ানমার থেকে বাংলাদেশে পাচারকালে প্রায় ১২ লাখ টাকা মূল্যের ১ হাজার ২০০ পিস বার্মিজ লুঙ্গিসহ ১১ জন মিয়ানমারের পাচারকারীকে আটক করা হয়।

জব্দকৃত মালামাল, পাচারকাজে ব্যবহৃত বোট এবং আটক ব্যক্তিদের বিরুদ্ধে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান রয়েছে।

পাচার ও চোরাচালান রোধে কোস্ট গার্ড ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত রাখবে।