ঢাকা বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

বেতন-ভাতা নেবেন না কৃষিমন্ত্রী

কুমিল্লা প্রতিনিধি
প্রকাশিত: ফেব্রুয়ারি ২১, ২০২৬, ০৬:৩৬ পিএম
কথা বলেন কৃষি, মৎস্য ও প্রাণিসম্পদ এবং খাদ্যমন্ত্রী আমিন-উর-রশীদ ইয়াছিন। ছবি : রূপালী বাংলাদেশ

কৃষি, মৎস্য ও প্রাণিসম্পদ এবং খাদ্যমন্ত্রী আমিন-উর-রশীদ ইয়াছিন বলেছেন, ‘একটি বিষয় স্পষ্ট করতে চাই—মন্ত্রী হওয়ার পর থেকে আমি নিজের গাড়ি এবং নিজের টাকায় কেনা তেল ব্যবহার করছি। সরকারি গাড়ি ব্যবহার করি না, তেলের খরচও নিই না। যতদিন মন্ত্রী থাকব, ততদিন সরকারি গাড়ি ব্যবহার করব না। এ ছাড়া আমি সরকারি বেতন-ভাতা নেব না।’

শনিবার (২১ ফেব্রুয়ারি) দুপুরে কুমিল্লা সার্কিট হাউসে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন।

তিনি আরও বলেন, ‘কুমিল্লায় প্রথম রপ্তানিমুখী কারখানা আমি স্থাপন করেছি। আপনাদের উৎসাহে আজ কুমিল্লায় এক ধরনের শিল্পবিপ্লব হয়েছে। অনেক কারখানা গড়ে উঠেছে। এ অগ্রগতি অব্যাহত থাকবে।’

আমিন-উর-রশীদ ইয়াছিন বলেন, সেচ প্রকল্পের মাধ্যমে কুমিল্লা অঞ্চলে আখতার হামিদ খান সর্বপ্রথম কৃষিকে আধুনিকতার ছোঁয়া দেন। কৃষিতে তার উদ্ভাবিত ‘কুমিল্লা মডেল’ এখনও দেশ-বিদেশে সমাদৃত। আমিও একজন কৃষক। আমি জানি কীভাবে ধান ফলাতে হয়। কুমিল্লাসহ সারা দেশের কৃষি উন্নয়নে অগ্রাধিকার ভিত্তিতে কাজ করব, বলেন তিনি।

কৃষিমন্ত্রী বলেন, কৃষিতে কুমিল্লা বরাবরই পথিকৃৎ। এ জেলার কৃষকদের ফসল সংরক্ষণের সুবিধা বাড়াতে হিমাগার নির্মাণের উদ্যোগ নেওয়া হবে। কুমিল্লার ঐতিহ্য তুলে ধরে তিনি বলেন, ট্যাংক ও ব্যাংকের নগরী হিসেবে কুমিল্লার যে সুনাম ছিল, সেই ঐতিহ্য সমুন্নত রাখার চেষ্টা করা হবে।

মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন জেলা প্রশাসক মু. রেজা হাসান, অতিরিক্ত পুলিশ সুপার সাইফুল মালিক, কুমিল্লা মহানগর বিএনপির সাধারণ সম্পাদক ইউসুফ মোল্লা টিপু, আদর্শ সদর উপজেলা বিএনপির সভাপতি রেজাউল কাইয়ুমসহ বিএনপি ও এর অঙ্গ-সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।