ঢাকা বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

মোটরসাইকেলের চাকায় স্ত্রীর বোরকা পেঁচিয়ে দুর্ঘটনা, স্বামী নিহত

রূপালী প্রতিবেদক
প্রকাশিত: মার্চ ২৮, ২০২৬, ১২:৪৯ এএম
ছবি: সংগৃহীত

কুমিল্লার বরুড়ায় মোটরসাইকেলের চাকায় স্ত্রীর বোরকা পেঁচিয়ে নিয়ন্ত্রণ হারিয়ে হাবিবুর রহমান (প্রবাসী) নামে এক ব্যক্তি নিহত হয়েছেন। এ ঘটনায় তার স্ত্রী গুরুতর আহত হয়েছেন।

শুক্রবার (২৭ মার্চ) বিকেলে উপজেলার গালিমপুর ইউনিয়নের খামারবাড়ি এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত হাবিবুর রহমান কুমিল্লার শিকারপুরের যাত্রাপুর গ্রামের বাসিন্দা। আহত স্ত্রী ফারজানা আক্তারকে গুরুতর অবস্থায় হাসপাতালে ভর্তি করা হয়েছে।

প্রত্যক্ষদর্শী ও স্বজনদের ভাষ্য, চলন্ত অবস্থায় মোটরসাইকেলের পেছনের চাকায় ফারজানা আক্তারের বোরকা পেঁচিয়ে যায়। এতে মোটরসাইকেলটি হঠাৎ নিয়ন্ত্রণ হারিয়ে ফেললে স্বামী-স্ত্রী দুজনেই ছিটকে পড়ে যান। ঘটনাস্থলেই হাবিবুর রহমান মারা যান। পরে স্থানীয়রা ফারজানা আক্তারকে উদ্ধার করে আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে নেন।

পারিবারিক সূত্র জানায়, হাবিবুর রহমান ও তার স্ত্রী কুমিল্লা বিশ্বরোড এলাকা থেকে মোটরসাইকেলে করে ভাউকসার গ্রামে শ্বশুরবাড়িতে দাওয়াতে গিয়েছিলেন। সেখান থেকে নিজ গ্রাম যাত্রাপুরে ফেরার পথে গালিমপুরের খামারবাড়ি এলাকায় পৌঁছালে দুর্ঘটনাটি ঘটে।