কুমিল্লার লাকসাম উপজেলায় কৃষি উৎপাদন বৃদ্ধি ও পরিবেশের ভারসাম্য রক্ষায় ১২ কিলোমিটার খাল খনন কাজের উদ্বোধন করা হয়েছে।
সোমবার (১৩ এপ্রিল) দুপুরে উপজেলার বাকই দক্ষিণ ইউনিয়নের বিরামপুর ব্রিজ এলাকা থেকে হামিরাবাগ ডাকাতিয়া নদীর সঙ্গে সংযুক্ত খৈয়াখালী খালটির খনন কার্যক্রমের উদ্বোধন করেন কুমিল্লা-৯ (লাকসাম-মনোহরগঞ্জ) আসনের বিএনপির সংসদ সদস্য আবুল কালাম।
অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে স্থানীয় সংসদ সদস্য আবুল কালাম বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমানের দূরদর্শী নেতৃত্বে দেশ উন্নয়ন ও জনগণের কল্যাণে বাস্তবমুখী পরিকল্পনা গ্রহণ করা হয়েছে। জনগণের প্রত্যাশা পূরণে ৩১ দফা কর্মসূচি বাস্তবায়নে সরকার দৃঢ়প্রতিজ্ঞ। তাই এটাই প্রমাণ করে, বিএনপি কথায় নয়, কাজে বিশ্বাস করে।
তিনি আরও বলেন, বাকই দক্ষিণ ইউনিয়নের মজলিশপুর-হামিরাবাগ ডাকাতিয়া নদীর সঙ্গে সংযুক্ত খৈয়াখালী খালের পুনঃখননের মাধ্যমে এলাকার দীর্ঘদিনের জলাবদ্ধতা দূর হবে, উন্নত হবে পানি নিষ্কাশন ব্যবস্থা এবং বাড়বে কৃষি উৎপাদন। সরকারের উন্নয়ন পরিকল্পনার অংশ হিসেবে পর্যায়ক্রমে উপজেলার অন্যান্য খাল পুনঃখনন করা হবে বলেও জানান তিনি।
এ সময় প্রশাসনের উদ্দেশ্যে এমপি বলেন, জনগণের প্রত্যাশা অনুযায়ী কাজ করতে হবে। এমন কোনো কাজ করা যাবে না, যা জনগণের আস্থা নষ্ট করে। তিনি খাল খনন কার্যক্রম সফল করতে স্থানীয় জনগণকে সহযোগিতা করার আহ্বান জানান।
উপজেলা প্রকল্প বাস্তবায়ন অফিস সূত্রে জানা যায়, বাকই দক্ষিণ ইউনিয়নের মজলিশপুর গ্রামের বিরামপুর ব্রিজ এলাকা থেকে হামিরাবাগ পর্যন্ত খৈয়াখালী নামক খালটি প্রায় ১২ কিলোমিটার খনন করা হবে। প্রকল্পটির জন্য মোট ব্যয় ধরা হয়েছে ৪ কোটি ৬৩ লাখ ৫১ হাজার ৫৫৫ টাকা। স্থানীয় ইউনিয়ন পরিষদের তত্ত্বাবধানে প্রতিদিন প্রায় ১,০৭১ জন শ্রমিক এ কাজে নিয়োজিত থাকবেন।
উপজেলা নির্বাহী কর্মকর্তা নার্গিস সুলতানার সভাপতিত্বে আয়োজিত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো. আহমেদ উল্ল্যাহ সবুজ, লাকসাম থানার অফিসার ইনচার্জ মাকসুদ আহম্মদ, পৌর বিএনপির সভাপতি মজির আহমেদ, সাধারণ সম্পাদক গোলাম ফারুক, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আবদুর রহমান বাদলসহ উপজেলা ও ইউনিয়ন বিএনপির নেতৃবৃন্দ।



