কুমিল্লা সদর উপজেলার দিদার মডেল উচ্চ বিদ্যালয়ে সপ্তম শ্রেণির বাংলা ক্লাস নিচ্ছিলেন শিক্ষিকা শামিমা নাসরিন।
সোমবার (২০ এপ্রিল) সকাল ১০টায় ওই ক্লাসে হঠাৎ হাজির হন সংসদ সদস্য মনিরুল হক চৌধুরী। তিনি শিক্ষার্থীদের সঙ্গে বসে পড়েন এবং ক্লাস চলমান রাখতে শিক্ষিকাকে অনুরোধ করেন। মনোযোগী শিক্ষার্থীর মতো প্রায় আধা ঘণ্টা ক্লাসের পাঠ শোনেন।
শ্রেণিকক্ষে সংসদ সদস্যকে পেয়ে শিক্ষার্থীরা আনন্দিত হয়। শিক্ষিকাও স্বাভাবিকভাবে পাঠদান চালিয়ে যান। এ সময় শ্রেণিকক্ষে বসে তিনি বিদ্যালয়ের পড়াশোনার মান, শিক্ষকদের আন্তরিকতা এবং শিক্ষার্থীদের বিভিন্ন সমস্যা সম্পর্কে জানতে চান এবং সেগুলো সমাধানের আশ্বাস দেন।
শিক্ষার্থীদের আবেদনের পরিপ্রেক্ষিতে তিনি বিদ্যালয়ে একটি নতুন ভবন নির্মাণের প্রতিশ্রুতিও দেন।
এদিন, সকালে টিকাদান ক্যাম্পেইনের উদ্বোধন শেষে তিনি স্কুলের শ্রেণিকক্ষ পরিদর্শনে যান। দেশব্যাপী হাম-রুবেলা টিকাদান কর্মসূচির অংশ হিসেবে কুমিল্লায় আয়োজিত এই কার্যক্রমে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন তিনি।
শিক্ষিকা শামিমা নাসরিন জানান, তিনি সপ্তম শ্রেণির বাংলা প্রথমপত্রে কাজী নজরুল ইসলাম-এর লেখা ‘কুলি মজুর’ কবিতাটি পড়াচ্ছিলেন। এ সময় সংসদ সদস্য শ্রেণিকক্ষে প্রবেশ করেন। তিনি আন্তরিকতার সঙ্গে ক্লাস পরিচালনা করেন এবং এটিকে নিজের জন্য আনন্দদায়ক অভিজ্ঞতা হিসেবে উল্লেখ করেন।
তিনি আরও বলেন, শিক্ষার্থীরা সংসদ সদস্যের সামনে দাঁড়িয়ে হাসিমুখে কবিতার ভাবার্থ তুলে ধরে। এতে তিনি সন্তুষ্টি প্রকাশ করেন এবং পাঠদানের মান নিয়েও সন্তোষ জানান।
সংসদ সদস্য মনিরুল হক চৌধুরী বলেন, শিক্ষার্থীদের মধ্যে শিক্ষার প্রতি আগ্রহ বাড়াতে হলে তাদের মধ্যে শিক্ষার আনন্দ সৃষ্টি করতে হবে। এতে তারা স্কুল ফাঁকি দেবে না এবং পড়াশোনায় মনোযোগী হবে। পাশাপাশি শিক্ষাপ্রতিষ্ঠানগুলোকে আধুনিক সুবিধা ও যোগ্য শিক্ষক দিয়ে পরিচালনা করার ওপর তিনি গুরুত্বারোপ করেন।
এ সময় তিনি নিজেও ‘কুলি মজুর’ কবিতার ভাবার্থ শিক্ষার্থীদের সঙ্গে আলোচনা করেন।


সর্বশেষ খবর পেতে রুপালী বাংলাদেশের গুগল নিউজ চ্যানেল ফলো করুন