একসময় পশ্চিমবঙ্গের অবিসংবাদিত নেত্রী হিসেবে পরিচিত ছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। তবে বর্তমানে তিনি নিজ দলের ভেতরেই চাপে রয়েছেন বলে রাজনৈতিক মহলে আলোচনা চলছে। প্রধানমন্ত্রী হওয়ার আকাঙ্ক্ষা থেকে তিনি বিভিন্ন সময়ে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির কঠোর সমালোচনা করেছিলেন। কিন্তু সাম্প্রতিক রাজনৈতিক পরিস্থিতিতে তিনি নিজ দলের একাংশের বিরোধিতার মুখে পড়েছেন বলে দাবি করা হচ্ছে।
দল বর্তমানে দুই ভাগে বিভক্ত বলে জানা গেছে। ঋতব্রত বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে একটি নতুন তৃণমূল গঠিত হয়েছে বলে বিভিন্ন মহলে আলোচনা রয়েছে। সেখানে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের জায়গা হয়নি বলেও দাবি করা হচ্ছে। যদিও ঋতব্রত মমতা বন্দ্যোপাধ্যায়কে প্রধান উপদেষ্টা হিসেবে রাখার প্রস্তাব দিয়েছেন, তবে সমালোচকদের মতে এটি মূলত আনুষ্ঠানিক পদক্ষেপ।
এই প্রেক্ষাপটে বিজেপি নেতা অমিত মালভিয়া মমতা বন্দ্যোপাধ্যায়কে কটাক্ষ করেছেন। সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে তিনি দাবি করেন, পশ্চিমবঙ্গের জনগণ নির্বাচনের মাধ্যমে মমতা বন্দ্যোপাধ্যায়কে স্পষ্ট বার্তা দিয়েছে।
অমিত মালব্যের ভাষ্য অনুযায়ী, দীর্ঘদিন ক্ষমতায় থাকার পর রাজ্যের জনগণ আর মমতা বন্দ্যোপাধ্যায়কে চায়নি। নির্বাচনের ফল তার রাজনৈতিক স্বপ্নে বড় ধাক্কা দিয়েছে। একই সঙ্গে দলের ভেতরেও বিদ্রোহের সুর স্পষ্ট হয়ে উঠেছে বলে তিনি মন্তব্য করেন।
তার দাবি, ঋতব্রত বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে ৫৯ জন বিধায়ক মমতার বিরুদ্ধে অবস্থান নিয়েছেন। তারা মমতাকে উপদেষ্টা হিসেবে রাখতে আগ্রহী হলেও দলের নিয়ন্ত্রণ এখন আর তার হাতে নেই।
অমিত মালব্য বলেন, ‘মমতা বন্দ্যোপাধ্যায় ভেবেছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে আক্রমণ করে তিনি দেশের প্রধানমন্ত্রী হতে পারবেন। কিন্তু জনগণ তাকে প্রত্যাখ্যান করেছে। আজ তার নিজের দলের নেতারাই তাকে অস্বীকার করছে। এটি মাত্র শুরু।’
এদিকে রাজনৈতিক মহলে বিষয়টি নিয়ে ব্যাপক আলোচনা চলছে। তৃণমূলের অভ্যন্তরীণ দ্বন্দ্ব এখন প্রকাশ্য রূপ নিয়েছে বলে মনে করছেন বিশ্লেষকরা। একদিকে ঋতব্রত বন্দ্যোপাধ্যায় বিরোধী অবস্থান থেকে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে আক্রমণ করছেন, অন্যদিকে মমতা-সমর্থকরা দলকে ঐক্যবদ্ধ রাখার চেষ্টা করছেন। তবে সংখ্যাগরিষ্ঠতার বিচারে মমতা বন্দ্যোপাধ্যায় দলের ওপর আগের মতো নিয়ন্ত্রণ ধরে রাখতে পারছেন না বলেই রাজনৈতিক মহলের একটি অংশের ধারণা।

সর্বশেষ খবর পেতে রুপালী বাংলাদেশের গুগল নিউজ চ্যানেল ফলো করুন