ঢাকা বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

তারেক রহমানকে নিয়ে কটূক্তির অভিযোগে যুবক গ্রেপ্তার

রূপালী প্রতিবেদক
প্রকাশিত: জানুয়ারি ২১, ২০২৬, ১০:০১ পিএম
ছবি- সংগৃহীত

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে কটূক্তিমূলক ও বিদ্বেষপূর্ণ মন্তব্য করার অভিযোগে দিনাজপুরের পার্বতীপুরে গোলাম মোস্তফা (৩৪) নামের এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ।

বুধবার (২১ জানুয়ারি) বিকেল ৪টার দিকে তাকে সাইবার নিরাপত্তা আইনে গ্রেপ্তার দেখিয়ে বিজ্ঞ আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়।

পার্বতীপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এম এ ফারুক জানান, গোলাম মোস্তফা ইলেক্ট্রনিক ডিভাইস ও মোবাইল ফোনের ইন্টারনেট ব্যবহার করে ফেসবুকে অশ্লীল, সহিংসতা উসকানিমূলক, ঘৃণা ও বিদ্বেষ ছড়ানো তথ্য প্রকাশ করে সামাজিক বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা করেন। বিষয়টি নজরে এলে স্থানীয় ইউনিয়ন বিএনপির নেতাকর্মীরা পুলিশকে অবহিত করেন।

পুলিশ মঙ্গলবার (২০ জানুয়ারি) রাত সাড়ে ১০টার দিকে উপজেলার হরিরামপুর ইউনিয়নের খয়েরপুকুর হাট এলাকায় সোমা স্টুডিওর সামনে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করে।

এ ঘটনায় হরিরামপুর ইউনিয়নের মোল্লাপাড়া গ্রামের আব্দুল মালেকের ছেলে গোলাম মোস্তফাসহ অজ্ঞাতনামা আরও ২-৩ জনের বিরুদ্ধে সাইবার নিরাপত্তা আইনে মামলা দায়ের করা হয়েছে। মামলাটি করেন উপজেলা ১০ নম্বর ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক তৌফিকুল ইসলাম তপু।

পার্বতীপুর উপজেলা যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক মমিনুল ইসলাম ডাক্তার বলেন, ‘ফেসবুকে উদ্দেশ্যপ্রণোদিত ও মিথ্যা তথ্য ছড়িয়ে তারেক রহমানের গৌরব, সম্মান, দেশপ্রেম ও রাজনৈতিক দূরদর্শিতাকে প্রশ্নবিদ্ধ করার চেষ্টা করা হয়েছে। এটি একটি পরিকল্পিত ও অপরাধমূলক কর্মকাণ্ড।’

পুলিশ জানায়, মামলাটি তদন্তাধীন রয়েছে এবং এ ঘটনায় জড়িত অন্যদের শনাক্তে অভিযান অব্যাহত আছে।