দিনাজপুরের হাকিমপুর উপজেলার হিলিতে আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে বর্ণাঢ্য র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
রোববার (৮ মার্চ) সকালে হাকিমপুর উপজেলা পরিষদ চত্বর থেকে একটি বর্ণাঢ্য র্যালি বের করা হয়।
র্যালিটি উপজেলার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে পুনরায় উপজেলা পরিষদ প্রাঙ্গণে এসে শেষ হয়। র্যালিতে সরকারি কর্মকর্তা-কর্মচারী, বিভিন্ন সামাজিক সংগঠনের সদস্য, নারী নেত্রীসহ নানা শ্রেণি-পেশার মানুষ অংশগ্রহণ করেন।
র্যালি শেষে উপজেলা পরিষদ প্রাঙ্গণে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
সভায় বক্তারা বলেন, সমতা ও মানবিক সমাজ গঠনে নারীর অংশগ্রহণ ও ক্ষমতায়ন অত্যন্ত গুরুত্বপূর্ণ। নারীর অধিকার ও মর্যাদা প্রতিষ্ঠায় পরিবার, সমাজ ও রাষ্ট্রের সম্মিলিত উদ্যোগ প্রয়োজন। একই সঙ্গে নারী ও কন্যাশিশুর নিরাপত্তা, শিক্ষা এবং সমান সুযোগ নিশ্চিত করার ওপর গুরুত্বারোপ করা হয়।
‘আজকের পদক্ষেপ, আগামী ন্যায়বিচার—সুরক্ষিত হোক নারী ও কন্যার অধিকার’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে আয়োজিত কর্মসূচিতে নারীর অধিকার রক্ষা এবং বৈষম্যহীন সমাজ গঠনের অঙ্গীকার ব্যক্ত করা হয়।
অনুষ্ঠানের আয়োজন করে হাকিমপুর উপজেলা প্রশাসন এবং মহিলাবিষয়ক অধিদপ্তর, হাকিমপুর, দিনাজপুর।


