দিনাজপুরের ঘোড়াঘাট উপজেলায় অবৈধভাবে মজুত করে রাখা ১ হাজার ৬৭১ লিটার ডিজেল জব্দ করেছে উপজেলা প্রশাসন।
মঙ্গলবার (৩১ মার্চ) দুপুরে উপজেলার আজাদমোড় এলাকায় অবস্থিত সালাম ভলকানাইজিং নামের একটি দোকানে যৌথ অভিযান পরিচালনা করা হয়।
অভিযানে উপজেলা প্রশাসন, ঘোড়াঘাট থানা পুলিশ ও ফায়ার সার্ভিস অংশ নেয়। এ সময় দোকান থেকে বিপুল পরিমাণ ডিজেল জব্দ করা হয়।
অভিযান চলাকালে দোকানের মালিককে ঘটনাস্থলে পাওয়া যায়নি। সংশ্লিষ্টদের ধারণা, দীর্ঘদিন ধরে অবৈধভাবে তেল মজুত করে বেশি দামে বিক্রির উদ্দেশ্যে এসব ডিজেল সংরক্ষণ করা হয়েছিল।
জানা গেছে, জব্দকৃত তেল পরে ঘোড়াঘাটের মেসার্স খন্দকার বদরে আরেফীন ফিলিং স্টেশনে নিলামের মাধ্যমে হস্তান্তর করা হয়।
এ বিষয়ে উপজেলা প্রশাসনের এক কর্মকর্তা জানান, জ্বালানি তেলের কৃত্রিম সংকট সৃষ্টি ও অবৈধ মজুত রোধে অভিযান অব্যাহত রয়েছে। এ ধরনের অনিয়মের সঙ্গে জড়িতদের বিরুদ্ধে কঠোর আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
প্রশাসন জানিয়েছে, এ ঘটনায় জড়িতদের শনাক্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন রয়েছে।


