ঢাকা শুক্রবার, ০৫ জুন, ২০২৬

ফরিদপুর-১ আসনে স্বতন্ত্র প্রার্থী আরিফুর রহমান দোলনের মনোনয়নপত্র জমা

রূপালী প্রতিবেদক
প্রকাশিত: ডিসেম্বর ২৯, ২০২৫, ০৮:২০ পিএম
ছবি- রূপালী বাংলাদেশ

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ফরিদপুর-১ আসনে স্বতন্ত্র প্রার্থী আরিফুর রহমান দোলন মনোনয়নপত্র জমা দিয়েছেন। সোমবার (২৯ ডিসেম্বর) বিকেলে সহকারী রিটার্নিং অফিসার ও আলফাডাঙ্গা উপজেলা নির্বাহী কর্মকর্তা রিফাত নূর মৌসুমীর কাছে আরিফুর রহমান দোলনের পক্ষে মনোনয়নপত্র দাখিল করেন তার স্ত্রী ডা. মাফরুহা রহমান।

গণমাধ্যমকে এ তথ্যের সত্যতা নিশ্চিত করেছেন সহকারী রিটার্নিং অফিসার ও আলফাডাঙ্গা উপজেলা নির্বাহী কর্মকর্তা রিফাত নূর মৌসুমী। তিনি বলেন, ‘বিকেল ৪টার আগমুহূর্তে স্বতন্ত্র প্রার্থী আরিফুর রহমান দোলনের পক্ষে তার স্ত্রী মনোনয়নপত্র দাখিল করেন।’

এর আগে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে একই আসন থেকে স্বতন্ত্র প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করে ৮৪ হাজার ৯৮৯ ভোট পেয়েছিলেন দোলন। স্থানীয় পর্যায়ে তার রয়েছে উল্লেখযোগ্য পরিচিতি ও গ্রহণযোগ্যতা।

আরিফুর রহমান দোলন দীর্ঘদিন সাংবাদিকতায় যুক্ত। বর্তমানে তিনি ঢাকটাইমস পত্রিকা ও সাপ্তাহিক এই সময়ের সম্পাদক।

কর্মজীবনে তিনি আমাদের সময় পত্রিকার নির্বাহী সম্পাদক, বাংলাদেশ প্রতিদিন–এর উপসম্পাদক এবং প্রথম আলো–এর ডেপুটি চিফ রিপোর্টার হিসেবে দায়িত্ব পালন করেছেন। পাশাপাশি তিনি বাংলাভিশন টেলিভিশনেও কাজ করেছেন। দোলন ঢাকা রিপোর্টার্স ইউনিটি (ডিআরইউ), ঢাকা সাংবাদিক ইউনিয়ন (ডিইউজে), বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়ন (বিএফইউজে) এবং জাতীয় প্রেসক্লাবের সদস্য।

সমাজসেবামূলক সংস্থা কাঞ্চন মুন্সী ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা ও চেয়ারম্যান আরিফুর রহমান দোলন। তিনি সমাজকল্যাণমূলক কর্মকাণ্ডের মাধ্যমে একটি মানবিক ও দায়িত্বশীল সংগঠন হিসেবে ফাউন্ডেশনটিকে পরিচিত করে তুলেছেন।