ঢাকা বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

নিখোঁজের একদিন পর বিএনপির সমর্থকের মরদেহ উদ্ধার

সালথা (ফরিদপুর) প্রতিনিধি
প্রকাশিত: জানুয়ারি ২১, ২০২৬, ০১:১৮ এএম
নিহত ফিরোজ শেখ। ছবি : রূপালী বাংলাদেশ

ফরিদপুরের নগরকান্দা উপজেলার চরযশোরদী ইউনিয়নের নিখড়হাটির উত্তরপাড়া কুমার নদী থেকে নিখোঁজের একদিন পর বিএনপির সমর্থক ফিরোজ শেখের (৫২) মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

মঙ্গলবার (২০ জানুয়ারি) বিকেল সাড়ে ৪টার দিকে নগরকান্দা থানা পুলিশ নদী থেকে মরদেহটি উদ্ধার করে। নিহত ফিরোজ শেখ নগরকান্দা উপজেলার নিখড়হাটি পশ্চিমপাড়া এলাকার বাসিন্দা এবং মৃত শাজাহান শেখের পুত্র।

পরিবার ও স্থানীয় সূত্রে জানা গেছে, তিনি গত রাত থেকে নিখোঁজ ছিলেন।

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, মঙ্গলবার বিকেলে চরযশোরদী ইউনিয়নের নিখড়হাটির উত্তরপাড়া এলাকায় কুমার নদীতে একটি মরদেহ ভাসতে দেখে স্থানীয়রা পুলিশকে খবর দেয়। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহটি উদ্ধার করে।

স্থানীয়দের ভাষ্য অনুযায়ী, ফিরোজ শেখ বিএনপির একজন সমর্থক ছিলেন এবং সম্প্রতি তিনি দলের প্রার্থীর পক্ষে এলাকায় প্রচারণায় সক্রিয় ছিলেন।

এ বিষয়ে নগরকান্দা থানার ওসি মো. রসুল সামদানী আযাদ জানান, স্থানীয়দের দেওয়া সংবাদের ভিত্তিতে কুমার নদী থেকে একটি মরদেহ উদ্ধার করা হয়েছে। প্রাথমিকভাবে মরদেহে আঘাতের কোনো দৃশ্যমান চিহ্ন পাওয়া যায়নি।

মরদেহটি ময়নাতদন্তের জন্য ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। ময়নাতদন্ত প্রতিবেদন ও তদন্ত কার্যক্রম শেষে মৃত্যুর কারণ সম্পর্কে বিস্তারিত জানা যাবে বলে তিনি জানান।