ফরিদপুরের নগরকান্দায় বেপরোয়া গতিতে ট্রাক চালিয়ে একের পর এক পথচারীকে ধাক্কা দেওয়ার অভিযোগে মো. হান্নান শেখ (৪৫) নামে এক ট্রাকচালককে গণপিটুনি দিয়ে হত্যা করেছে উত্তেজিত জনতা।
এ ঘটনায় ট্রাকের দুই হেলপারকেও পিটিয়ে গুরুতর আহত করা হয়েছে। শুক্রবার (১ মে) রাত ৯টার দিকে উপজেলার তালমা ইউনিয়নের বিলনালিয়া নতুন হাটখোলা এলাকায় এ ঘটনা ঘটে।
স্থানীয়দের অভিযোগ, একটি ট্রাক বেপরোয়া গতিতে চালিয়ে কয়েকজন পথচারীকে ধাক্কা দিলে এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়ে। এতে অন্তত সাতজন আহত হন।
তবে এলাকাবাসীর একটি অংশের দাবি, সামান্য দুর্ঘটনাকে কেন্দ্র করে সামাজিক যোগাযোগমাধ্যমে ‘২০ জনকে চাপা দিয়ে হত্যা’ করার গুজব ছড়িয়ে পড়লে জনতা ট্রাকটি ধাওয়া করে আটক করে।
নিহত হান্নান শেখ বোয়ালমারী উপজেলার সাতৈর গ্রামের বাসিন্দা। আহতরা হলেন হেলপার নাঈম মোল্যা (২২) ও আল আমিন (২৫)। তাদের মধ্যে নাঈম সালথা উপজেলার সোনাখোলা গ্রামের এবং আল আমিন পাশের কাগদী এলাকার বাসিন্দা। তারা বর্তমানে স্থানীয় হাসপাতালে চিকিৎসাধীন।
স্থানীয় সূত্রে জানা যায়, ট্রাকটি সালথা বাজার থেকে রসুলপুর এলাকার সরু সড়ক দিয়ে দ্রুতগতিতে ফরিদপুরের দিকে যাচ্ছিল। পথে গট্টি, রসুলপুরসহ আশপাশের এলাকায় কয়েকজন পথচারীকে ধাক্কা দেয়। পরে স্থানীয়রা মোটরসাইকেল নিয়ে ট্রাকটির পিছু ধাওয়া করে।
ধাওয়া খেয়ে ট্রাকটি নগরকান্দার বিলনালিয়া নতুন হাটখোলা এলাকায় একটি দোকানে সজোরে ধাক্কা দিলে সেটি থেমে যায়। এরপর উত্তেজিত জনতা চালক ও দুই হেলপারকে মারধর করে এবং ট্রাকটি ভাঙচুর করে।
খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে গুরুতর আহতদের উদ্ধার করে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠায়। সেখানে চিকিৎসক ট্রাকচালক হান্নান শেখকে মৃত ঘোষণা করেন।
নিহতের পরিবারের দাবি, কয়েকদিন আগে হান্নানের স্ত্রী মারা গেছেন। গুজবের কারণে তাকে পিটিয়ে হত্যা করা হয়েছে। তার তিন বছর বয়সি একটি সন্তান রয়েছে।
তালমা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান কামাল হোসেন মিয়া বলেন, ‘ঘটনাস্থলে পৌঁছানোর আগেই জনতা তিনজনকে পিটিয়ে গুরুতর আহত করে। পরে পুলিশ এসে তাদের উদ্ধার করে হাসপাতালে পাঠায়। সেখানে চালকের মৃত্যু হয়।’
নগরকান্দা থানার ওসি রাসুল সামদানি আজাদ জানান, ট্রাকের ধাক্কায় অন্তত সাতজন আহত হয়েছেন। পরে জনতা চালক ও হেলপারদের গণপিটুনি দেয়।
পরিস্থিতি নিয়ন্ত্রণে এনে আহতদের হাসপাতালে পাঠানো হয়। নিহতের মরদেহ ময়নাতদন্তের জন্য পাঠানো হবে এবং ঘটনার তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।


