ফেনীর ছাগলনাইয়ায় জোরপূর্বক ভোটকেন্দ্রে অনুপ্রবেশের অভিযোগে বিএনপি ও জামায়াতে ১৬ জন নেতাকর্মীকে আটক করা হয়েছে। এর মধ্যে ১৩ জনকে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে ৩ হাজার টাকা করে মোট ৩৯ হাজার টাকা জরিমানা করা হয়েছে। বাকি ৩ জনকে মুচলেকা নিয়ে ছেড়ে দেওয়া হয়েছে। তবে তাৎক্ষণিকভাবে তাদের নাম-পরিচয় জানা যায়নি।
বুধবার (১১ ফেব্রুয়ারি) সন্ধ্যা সাতটার দিকে উপজেলার দক্ষিণ সতর সরকারি প্রাথমিক বিদ্যালয় ভোটকেন্দ্রে এ ঘটনা ঘটে।
গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন ছাগলনাইয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও সহকারী রিটার্নিং কর্মকর্তা সৈয়দ ফারহানা পৃথা।
ভ্রাম্যমাণ আদালত সূত্র জানায়, সন্ধ্যার দিকে বিএনপি ও জামায়াতে ইসলামীর ১৬ জন নেতাকর্মী জোরপূর্বক ভোটকেন্দ্রে প্রবেশের চেষ্টা করেন। এ সময় দায়িত্বরত পুলিশ সদস্যরা তাদের আটক করেন। পরে খবর পেয়ে ঘটনাস্থলে যান সহকারী রিটার্নিং কর্মকর্তা সৈয়দ ফারহানা পৃথা এবং সহকারী কমিশনার (ভূমি) মো. শহীদ উল্লাহ।
ইউএনও সৈয়দ ফারহানা পৃথা বলেন, ভোটকেন্দ্রে জোরপূর্বক প্রবেশের দায়ে ১৩ জনকে প্রত্যেককে তিন হাজার টাকা করে জরিমানা করা হয়েছে। অপর তিনজনকে মুচলেকা নিয়ে ছেড়ে দেওয়া হয়েছে। একই সঙ্গে ভোটকেন্দ্রের সার্বিক নিরাপত্তা আরও জোরদার করা হয়েছে।


সর্বশেষ খবর পেতে রুপালী বাংলাদেশের গুগল নিউজ চ্যানেল ফলো করুন