ঢাকা বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

ফেনীতে প্রবাসীর বাড়িতে দুর্বৃত্তদের হামলার অভিযোগ

সোনাগাজী (ফেনী) প্রতিনিধি
প্রকাশিত: এপ্রিল ২৪, ২০২৬, ১২:৩৮ পিএম
হামলায় জানালার কাচ ভেঙে গেছে। ছবি : রূপালী বাংলাদেশ

ফেনীর সোনাগাজীতে এক প্রবাসীর বাড়িতে গভীর রাতে দুর্বৃত্তরা হামলা চালিয়েছে বলে খবর পাওয়া গেছে।

শুক্রবার (২৩ এপ্রিল) রাত ১টার দিকে উপজেলার চর দরবেশ ইউনিয়নের ভাইস চেয়ারম্যান শফি উল্যাহ সাহেবের বাড়ির (আবু দাবি)  প্রবাসী কামাল উদ্দিনের বসতঘরে এ হামলার ঘটনা ঘটে।

​স্থানীয় ও পরিবার সূত্রে জানা যায়, শুক্রবার রাত ১টার একদল দুর্বৃত্ত সংঘবদ্ধ হয়ে প্রবাসী কামাল উদ্দিনের বাড়িতে প্রবেশ করে হামলা চালায়। বাড়ির লোকজন কিছু বুঝে ওঠার আগেই দুর্বৃত্তরা ঘরের দরজা-জানালা ভাঙচুর শুরু করে।

​ভুক্তভোগী প্রবাসীর পরিবারের সদস্য রিনা আক্তার জানান, গভীর রাতে হঠাৎ বিকট শব্দে তাদের ঘুম ভেঙে যায়। দুর্বৃত্তদের তাণ্ডবে আমার ও আমার ২শিশুর মাঝে চরম আতঙ্ক ছড়িয়ে পড়ে। আমাদের চিৎকারে বাড়ির লোকজন এগিয়ে আসলে দুর্বৃত্তরা পালিয়ে যায়। 

তারা অভিযোগ করেন, পরিকল্পিতভাবে তাদের ক্ষতি করার উদ্দেশ্যেই এই হামলা চালানো হয়েছে। ধারণা করা হচ্ছে, গত কয়েকদিন আগে তার ছেলের (শাহারিয়ার নাজিম জিসান) সাথে এলাকার একটি ফুটবল খেলাকে কেন্দ্র করে স্থানীয় কয়েকজনের সাথে বাকবিতণ্ডা হয়। এটির জের ধরে এমন ঘটনা ঘটতে পারে। বর্তমানে পুরো পরিবার চরম নিরাপত্তাহীনতায় ভুগছে।

শাহারিয়ার নাজিম জিসান বলেন, গত কয়দিন আগে শাহীপুর স্পোর্টিং ক্লাবের আয়োজনে একটি মিনিবার ফুটবল টুর্নামেন্টের আয়োজন করা হয়। খেলায় আমার সাথে কয়েকজনের কথা-কাটাকাটি হয়। এ ছাড়া আমার জানামতে অন্য কারো সাথে আমাদের মতবিরোধ নাই। এটির জেরে হয়তো এমন ঘটনা ঘটতে পারে।

পরিবারের নিকটতম আত্মীয় আবদুল হালিম বলেন, রাতে এমন ন্যাক্কারজনক ঘটনার তীব্র নিন্দা জানাই। আমরা এ ঘটনার জন্য আইন আনুগ ব্যবস্থা নিচ্ছি।

​ঘটনাটি জানাজানি হওয়ার পর এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। স্থানীয় ভাইস চেয়ারম্যান শফি উল্যাহর বাড়ির কাছে এমন দুঃসাহসিক হামলায় জনমনে আতঙ্ক দেখা দিয়েছে। এলাকাবাসী দ্রুত এই ঘটনার সুষ্ঠু তদন্ত এবং দোষীদের আইনের আওতায় আনার দাবি জানিয়েছেন।

সোনাগাজী মডেল থানার ওসি কামরুল ইসলাম বলেন, অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে ব্যবস্থা নেওয়া হবে।