ঢাকা বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

ফেনী সীমান্তে সর্বোচ্চ সতর্কতা জারি

রূপালী প্রতিবেদক
প্রকাশিত: মে ১০, ২০২৬, ০৩:০৭ পিএম
ছবি : সংগৃহীত

অবৈধ অনুপ্রবেশ, পুশইন ও চোরাচালান ঠেকাতে ফেনী সীমান্তে সর্বোচ্চ সতর্কাবস্থা জারি করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। সীমান্তজুড়ে নজরদারি ও টহল কার্যক্রমও জোরদার করা হয়েছে।

রোববার (১০ মে) সকালে ফেনী ব্যাটালিয়ন-৪ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল এম এম জিল্লুর রহমান এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করেন।

বিজিবি সূত্র জানায়, ভারতের পশ্চিমবঙ্গের নির্বাচনকে কেন্দ্র করে সীমান্ত এলাকায় অবৈধ অনুপ্রবেশের ঝুঁকি বেড়েছে। এ পরিস্থিতিতে প্রায় ১০২ কিলোমিটার সীমান্তজুড়ে বিশেষ সতর্কতা জারি করা হয়েছে। সীমান্তের গুরুত্বপূর্ণ পয়েন্টগুলোতে ২৪ ঘণ্টা টহল ও নজরদারি জোরদার করা হয়েছে। পাশাপাশি সব বিওপি (বর্ডার আউটপোস্ট) ও টহল দলকে বিশেষ নির্দেশনা দেওয়া হয়েছে।

সীমান্ত নিরাপত্তা জোরদারে অতিরিক্ত মোবাইল পেট্রোল, ফুট পেট্রোল ও বিশেষ অভিযান পরিচালনা করা হচ্ছে বলে জানিয়েছে বিজিবি। সন্দেহভাজন বিভিন্ন পয়েন্টে নিবিড় পর্যবেক্ষণও অব্যাহত রয়েছে।

বিশেষ করে মাদক, গবাদিপশু ও ভারতীয় পণ্য চোরাচালান প্রতিরোধে গোয়েন্দা নজরদারি বাড়ানো হয়েছে। একই সঙ্গে অবৈধভাবে কেউ যেন বাংলাদেশে প্রবেশ করতে না পারে, সে বিষয়েও বিজিবি সদস্যদের সর্বোচ্চ সতর্ক অবস্থানে রাখা হয়েছে।

ফেনী ব্যাটালিয়ন-৪ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল এম এম জিল্লুর রহমান বলেন, সীমান্ত নিরাপত্তা নিশ্চিত করতে প্রয়োজনীয় সব ব্যবস্থা নেওয়া হয়েছে। যেকোনো ধরনের অনুপ্রবেশ, চোরাচালান ও রাষ্ট্রবিরোধী কার্যক্রম প্রতিরোধে বিজিবির অভিযান ও কঠোর নজরদারি অব্যাহত থাকবে।