গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলায় এক নৃশংস ছুরিকাঘাতের ঘটনায় ৩ নারীসহ ৪ জনকে হত্যার চেষ্টা করা হয়েছে বলে অভিযোগ উঠেছে। ঘটনায় স্থানীয়রা হামলাকারীকে আটক করে পুলিশে সোপর্দ করেছে।
শুক্রবার (৩ এপ্রিল) জুমার নামাজের পর উপজেলার তালুকানুপুর ইউনিয়নের তালুকানুপুর গ্রামে এ ঘটনা ঘটে।
স্থানীয়দের বরাত দিয়ে জানা যায়, হঠাৎ করে এক যুবক তালুকানুপুর গ্রামের আবুল হোসেনের বাড়িতে প্রবেশ করে তার ছেলে বাবলু মিয়াকে উপুর্যপরি ছুরিকাঘাত করে। বাবলু মিয়ার চিৎকারে তার বোন হেলেনা বেগম এগিয়ে এলে হামলাকারী তার গলায় ধারালো অস্ত্র দিয়ে আঘাত করে হত্যার চেষ্টা করে।
এ সময় বাবলু মিয়ার দুই মেয়ে শেফালী আক্তার ও পাপরী খাতুন এগিয়ে এলে তাদের ওপরও হামলা চালানো হয়। এতে পুরো এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে।
পরে স্থানীয়রা দ্রুত এগিয়ে এসে হামলাকারী যুবক রনিকে (২৮) ঘটনাস্থলে আটক করে গণধোলাই দিয়ে পুলিশের হাতে তুলে দেয়। আটক রনি জয়পুরহাট জেলার পাঁচবিবি উপজেলার বিলখারা ইউনিয়নের খয়বর মন্ডলের ছেলে বলে জানা গেছে।
পরে গোবিন্দগঞ্জ থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে। তবে কী কারণে এই হামলা চালানো হয়েছে তা এখনো নিশ্চিত হওয়া যায়নি।
গোবিন্দগঞ্জ থানার ওসি মুহাম্মদ মোজাম্মেল হক বলেন, হামলাকারীকে আটক করা হয়েছে। ঘটনার কারণ উদঘাটনে তদন্ত চলছে।


