ঢাকা বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

ভোগান্তির অবসানে মাওনার গুরুত্বপূর্ণ সড়কে কাজ শুরু

শ্রীপুর (গাজীপুর) প্রতিনিধি
প্রকাশিত: ফেব্রুয়ারি ২৩, ২০২৬, ০৫:২৫ পিএম
ছবি- রূপালী বাংলাদেশ

গাজীপুরের শ্রীপুর উপজেলার মাওনা ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডে মেম্বার বাড়ি মোড় থেকে হানু মার্কেট পর্যন্ত সড়ক সংস্কারকাজের উদ্বোধন করা হয়েছে।

সোমবার (২৩ ফেব্রুয়ারি) দুপুরে আয়োজিত এক সংক্ষিপ্ত অনুষ্ঠানের মাধ্যমে কাজের উদ্বোধন করেন স্থানীয় শিক্ষাবিদ সজল মাস্টার।

উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মাওনা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান প্রার্থী ও গাজীপুর জেলা যুবদল শাখার যুগ্ম আহ্বায়ক আরিফুল ইসলাম সরকারসহ স্থানীয় নেতাকর্মী ও এলাকাবাসী।

স্থানীয়রা জানান, দীর্ঘদিন ধরে সড়কটির বিভিন্ন অংশে খানাখন্দ থাকায় চলাচলে ভোগান্তি পোহাতে হতো। বিশেষ করে বর্ষা মৌসুমে কাদা ও পানি জমে পরিস্থিতি আরও দুর্বিষহ হয়ে উঠত। সংস্কারকাজ শেষ হলে স্থানীয় বাসিন্দা, শিক্ষার্থী ও ব্যবসায়ীরা উপকৃত হবেন বলে আশা করা হচ্ছে।

চেয়ারম্যান প্রার্থী আরিফুল ইসলাম সরকার বলেন, ‘এলাকার মানুষের দীর্ঘদিনের দাবির পরিপ্রেক্ষিতে এ সড়ক সংস্কারের উদ্যোগ নেওয়া হয়েছে। উন্নয়নই আমাদের মূল লক্ষ্য। জনগণের পাশে থেকে ধাপে ধাপে অবকাঠামোগত সমস্যাগুলোর সমাধান করা হবে।’

সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, নির্ধারিত সময়ের মধ্যেই কাজ সম্পন্ন করার লক্ষ্য নির্ধারণ করা হয়েছে। বিস্তারিত তথ্য পরে জানানো হবে।