ঢাকা বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

টঙ্গীতে ১৮ মাস পর আ.লীগ কার্যালয়ে ব্যানার ও জাতীয় পতাকা উত্তোলন

টঙ্গী প্রতিনিধি
প্রকাশিত: ফেব্রুয়ারি ২৬, ২০২৬, ০৮:২০ পিএম
ছবি- সংগৃহীত

গাজীপুর মহানগরীর টঙ্গী নতুন বাজার এলাকায় বৃহস্পতিবার (২৬ ফেব্রুয়ারি) সকালে দীর্ঘ ১৮ মাস পর কার্যক্রম নিষিদ্ধ থাকা আওয়ামী লীগের দলীয় কার্যালয়ের সামনে সাবেক ক্রীড়া প্রতিমন্ত্রী জাহিদ আহসান রাসেল ও দলীয় প্রধান শেখ হাসিনার ছবি সংবলিত বড় একটি ব্যানার টানানো এবং জাতীয় পতাকা উত্তোলিত অবস্থায় দেখা গেছে। ঘটনাটি স্থানীয়দের নজরে এলে তারা পুলিশকে খবর দেন।

ব্যানারটিতে গাজীপুর মহানগর আওয়ামী লীগ ও অঙ্গ সহযোগী সংগঠন লেখা ছিল এবং কার্যালয়ের প্রধান ফটকের সামনে জাতীয় পতাকাও উত্তোলিত ছিল। স্থানীয়রা জানান, ভোর থেকেই ব্যানার ও পতাকা দেখা যায়। তবে কে বা কারা এগুলো স্থাপন করেছেন, তা তারা জানেন না। এ ঘটনার একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে।

ভিডিওতে দেখা যায়, গাজীপুর মহানগর আওয়ামী লীগ ও অঙ্গ সহযোগী সংগঠন লেখা ব্যানারটি গাজীপুর-২ আসনের সাবেক সংসদ সদস্য জাহিদ আহসান রাসেল তার ফেসবুকে পোস্ট করেছেন।

তিনি লিখেছেন, টঙ্গী থানা আওয়ামী লীগ কার্যালয়ে দীর্ঘ ১৮ মাস পর দলীয় ব্যানার এবং জাতীয় পতাকা উত্তোলন করা হয়েছে। আগুন জ্বালিয়ে, পুড়িয়ে দেওয়া—হয়তো সহজ। ভেঙেচুরে লুটপাট করা—হয়তো সহজ, কিন্তু একটি বলিয়ান চেতনাভাস্বর আদর্শ ধ্বংস করা কি এতই সহজ? জেনে রেখো, যতই হত্যা করো, জন্মাব আবার, দারুণ সূর্য হব, লিখব নতুন ইতিহাস।

টঙ্গী পূর্ব থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মেহেদী হাসান বলেন, ব্যানার টাঙানো ছিল, তবে এটি কে করেছে সে বিষয়ে তাদের কাছে কোনো তথ্য ছিল না। পরে খবর পেয়ে পুলিশ পাঠিয়ে বিষয়টি অপসারণ করা হয়েছে। ভবনটি বর্তমানে পরিত্যক্ত বলে তিনি উল্লেখ করেন।

উল্লেখ্য, ২০২৪ সালের ৫ আগস্টের পর আওয়ামী লীগ সরকারের পতনের পর থেকে দলীয় কার্যক্রম প্রচলিতভাবে বন্ধ রয়েছে এবং বিভিন্ন এলাকায় দলটির অফিস তালাবদ্ধ রয়েছে। টঙ্গীতেও বিক্ষুব্ধ জনতার ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনা ঘটে। এর পর থেকে অফিসটি দীর্ঘদিন বন্ধ ছিল।

এ ঘটনায় টঙ্গী এলাকায় স্থানীয় কিছু মানুষ বলছেন, এটি কোনো রাজনৈতিক কর্মকাণ্ডের সূচনা হিসেবে দেখা যেতে পারে। তবে দায়িত্বশীল কোনো পক্ষ এখনো আনুষ্ঠানিকভাবে মন্তব্য করেনি। প্রতিক্রিয়া পাওয়া গেলে তা উপস্থাপন করা হবে।