ঢাকা বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

টঙ্গীতে কাভার্ড ভ্যানচাপায় একজনের মৃত্যু

টঙ্গী প্রতিনিধি
প্রকাশিত: ফেব্রুয়ারি ২৭, ২০২৬, ১২:০৬ পিএম
টঙ্গী পূর্ব থানা ও ইনসেটে নিহত দেবনাথ। ছবি : রূপালী বাংলাদেশ

গাজীপুর মহানগরীর টঙ্গীতে কাভার্ডভ্যানচাপায় গ্রামীণফোনের কর্মকর্তা কল্যাণময় দেবনাথ (৪৬) মারা গেছেন। ঘটনার পর পুলিশ কাভার্ডভ্যানের চালককে আটক করেছে।

বৃহস্পতিবার (২৬ ফেব্রুয়ারি) রাত ৯টার দিকে টঙ্গী এরশাদ নগর শালিকচুড়া এলাকায় ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে এ ঘটনা ঘটে। খবর পেয়ে টঙ্গী পূর্ব থানা পুলিশ মরদেহ উদ্ধার করে।

নিহত কল্যাণময় দেবনাথ বাগেরহাট জেলার ফকিরহাট থানার সাইটতলা গ্রামের অমূল্য দেবনাথের ছেলে। তিনি গ্রামীণফোনে হেড অব বিজনেস অফিসার হিসেবে কর্মরত ছিলেন।

আটক চালকের নাম ওমর আলী (৫৭)। তিনি গোপালগঞ্জ জেলার কাশিয়ানী থানার বাওইখোলা গ্রামের মৃত রয়াত আলীর ছেলে।

প্রত্যক্ষদর্শীরা জানান, গাজীপুরের কোনাবাড়ি থেকে ঢাকাগামী সুন্দরবন কুরিয়ার সার্ভিসের একটি পণ্যবাহী কাভার্ড ভ্যান শালিকচুড়া এলাকা অতিক্রম করার সময় অসতর্কতার কারণে কল্যাণময় দেবনাথের সঙ্গে ধাক্কা লেগে তিনি গুরুতর আহত হন।

পরে তাকে স্থানীয় একটি বেসরকারি হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

টঙ্গী পূর্ব থানার ওসি মেহেদী হাসান ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, ঘটনাস্থল থেকে চালক ও গাড়ি আটক করা হয়েছে। পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন।