গাজীপুরের কাপাসিয়ার ঘাগটিয়া ইউনিয়নের খিরাটি গ্রামের ব্রহ্মপুত্র নদের শাখা সুতি জলাশয়ে স্থায়ী স্থাপনা নির্মাণ করে জবরদখল ও ফসলি জমি আবাদে প্রতিবন্ধকতা সৃষ্টির প্রতিবাদে মানববন্ধন করেছেন স্থানীয় জনসাধারণ। ওই জলাশয়ের সামনে নির্মাণাধীন প্রাচীরের পাশের সড়কে মানববন্ধন শেষে তারা বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশও করেন।
কোয়ান্টাম স্টিল মিলের ব্যবস্থাপনা পরিচালক মো. রফিকুল ইসলাম বলেন, সূতি জলাশয়টি বোরো মৌসুমে ধান চাষে ও রবি শস্য আবাদের ক্ষেত্রে স্থানীয় কৃষকদের পানি সেচে যুগ যুগ ধরে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখলেও সম্প্রতি কতিপয় ব্যক্তির জবরদখলে তা বাধাগ্রস্ত হচ্ছে। বিশেষ করে স্থানীয় জামিয়া আশরাফিয়া রশিদিয়া খিরাটি মাদ্রাসার মুহতামিম মো. আব্দুস সবুর সূতি জলাশয়ের পাশে বেশ কয়েক জায়গায় প্রায় পাঁচ বিঘা জমি কিনে স্থায়ী স্থাপনা নির্মাণ করে জলাশয় আংশিক দখল করেছেন এবং জলাশয়ের গতিপথে প্রতিবন্ধকতা তৈরি করেছেন। পাশাপাশি বর্ষা মৌসুমে পানি আটকে এবং বোরো মৌসুমে পানি শুকিয়ে আশপাশের কৃষকদের অসুবিধায় ফেলছেন।
স্থানীয় ব্যাংকার মাজহারুল ইসলাম জানান, স্থানীয় কৃষক ও পরিবেশকর্মীসহ প্রায় চার শতাধিক মানুষের স্বাক্ষর নিয়ে তারা এ সমস্যা সমাধানের জন্য গত বছর গাজীপুরের জেলা প্রশাসক ও কাপাসিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তার কাছে পৃথক দুটি আবেদন জানালে সরকারি সার্ভেয়ার এসে সরেজমিনে মেপে দখল করা জায়গা থেকে স্থাপনা নিজ খরচে সরিয়ে নেওয়ার নির্দেশ দেন এবং সবুর সাহেব এক সপ্তাহের মধ্যে তা ভেঙে ফেলার মুচলেকা দিয়েছিলেন। এরপর সেটা ভাঙ্গা হয়নি।
মানববন্ধন ও বিক্ষোভ মিছিল শেষে প্রতিবাদ সভায় মো. রফিকুল ইসলামের সঞ্চালনায় বক্তব্য দেন শাহজাহান মিয়া, মোবারক হোসেন, সজীব প্রধান প্রমুখ।

