গাজীপুরের কাপাসিয়া উপজেলায় কৃষক লীগ নেতার প্রভাব খাটিয়ে জমি জবরদখল, দোকানঘর ভাঙচুর ও লুটপাটের অভিযোগ উঠেছে। এ ঘটনায় স্থানীয়ভাবে উত্তেজনা বিরাজ করছে এবং ভুক্তভোগী পরিবার নিরাপত্তাহীনতায় ভুগছে বলে জানিয়েছে।
অভিযোগ সূত্রে জানা যায়, উপজেলার কড়িহাতা ইউনিয়নের হিজুলিয়া গ্রামে এ ঘটনা ঘটে। অভিযুক্তরা হলেন, কেন্দ্রীয় কৃষক লীগ নেতার ছোট ভাই মোশারফ সরকার, আলতাফ হোসেন সরকার এবং তাদের ভাতিজা লুৎফর মেম্বার। তারা মৃত আব্দুল মান্নান সরকারের পরিবারের সদস্য।
ভুক্তভোগী মো. আরিফ, মোজাম্মেল হক ও আবুল কালাম আজাদ জানান, তারা ২০২৫ ও ২০২৬ সালে দুটি সাব-কবলা দলিল (নং ৭৯৯৩ ও ৬০৩) অনুযায়ী হিজুলিয়া মৌজার আরএস ১১৮ নম্বর খতিয়ানের অন্তর্ভুক্ত ৫৮, ৫৯ ও ৪০৪ নম্বর দাগ থেকে মোট ২০ শতাংশ জমি বৈধভাবে ক্রয় করেন। জমির পূর্ব মালিক ছিলেন মো. বজলুল রশীদ মোল্যা ও মো. দেলোয়ার হোসেন হিরন।
তারা আরও জানান, জমির মালিকরা প্রবাসে থাকায় তাদের সহোদর ভাই আনোয়ার হোসেন দীর্ঘদিন ধরে জমিটি দেখাশোনা করে আসছিলেন। সেখানে একটি দোকানঘর নির্মাণ, কলাবাগানসহ বিভিন্ন ফলজ গাছ রোপণ করা হয়।
অভিযোগ অনুযায়ী, গত রমজান মাসের ১০ তারিখে অভিযুক্তরা কৃষক লীগ নেতা আব্দুল রশিদ সরকারের প্রভাব ব্যবহার করে ভাড়াটিয়া লোকজন দিয়ে দোকানঘর ভেঙে ফেলে এবং ভেতরের মালামাল লুট করে নিয়ে যায়। একইসঙ্গে কলাবাগান ও অন্যান্য ফলজ গাছ কেটে ফেলা হয়। এতে প্রায় ৫ লাখ টাকার ক্ষতি হয়েছে বলে দাবি ভুক্তভোগীদের।
ভুক্তভোগী আনোয়ার হোসেন বলেন, ‘ওরা আমাদের জমি দখল করতে নানা ধরনের চাপ দিচ্ছে। প্রকাশ্যে হুমকি দিচ্ছে—জমিতে গেলে প্রাণনাশ করা হবে। আমরা আতঙ্কের মধ্যে আছি।’
তিনি আরও জানান, এ ঘটনায় কাপাসিয়া থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করা হলেও এখন পর্যন্ত কোনো কার্যকর ব্যবস্থা নেওয়া হয়নি।
এ বিষয়ে অভিযুক্ত আলতাফ হোসেন সরকারের, স্থানীয় ইউপি সদস্য লুৎফর রহমানের সঙ্গে যোগাযোগ করা হলে তারা জানান, জমিটি তাদের এক নিকট আত্মীয়ের ছিল। এলাকার যুবসমাজের খেলার মাঠ হিসেবে জমিটির প্রয়োজন।
তিনি আরও জানান, খরিদদারদের ক্রয় করার জন্য নিষেধ করা সত্ত্বেও তারা জমিটি ক্রয় করে এলাকার যুবসমাজের মধ্যে ঝগড়া সৃষ্টি করেছে। স্থানীয় লোকজন একজোট হয়ে এই জমিটি মাঠ হিসেবে জোরপূর্বক দখলের পাঁয়তারা চালাচ্ছে। স্থানীয় এলাকাবাসী প্রভাব বিস্তারের কারণে ভুক্তভোগীরা অসহায়।
স্থানীয় সচেতন মহল এ ঘটনার সুষ্ঠু তদন্ত ও দোষীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন। পাশাপাশি ভুক্তভোগী পরিবারকে নিরাপত্তা দেওয়ার জন্য প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেছেন তারা।
-20260406172946.webp)

