গাজীপুরের সালনা এলাকায় চলন্ত বাসে এক ব্যবসায়ীকে জিম্মি করে ৮ লাখ টাকা ও মূল্যবান মালামাল লুটের ঘটনায় জড়িত ডাকাত দলের দুই সক্রিয় সদস্যকে গ্রেপ্তার করেছে র্যাব-১৪।
শুক্রবার (২৪ এপ্রিল) দুপুরে ময়মনসিংহ র্যাব-১৪-এর কার্যালয় থেকে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
এর আগে একই দিন রাত পৌনে ৪টার দিকে ময়মনসিংহ সদর উপজেলার চর ঈশ্বরদিয়া ও কেওয়াটখালী এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারকৃত ব্যক্তিরা হলেন, ময়মনসিংহ জেলার জাবেদ ইকবাল বাদল (৩২) এবং মো. আব্দুল্লাহ আল মামুন (৩৮)।
র্যাব সূত্রে জানা যায়, গত বছরের ৫ ডিসেম্বর ব্যবসায়ী মো. ফুল মিয়া নগদ ৮ লাখ টাকা ও প্রায় ৫৬ হাজার টাকার মালামাল নিয়ে টঙ্গীর উদ্দেশে সালনা ফ্লাইওভার থেকে একটি যাত্রীবাহী বাসে ওঠেন। ওই বাসের চালক ও সহকারীসহ যাত্রীবেশে আগে থেকেই ৬-৭ জনের একটি ডাকাত দল বাসে অবস্থান করছিল।
পরে বাসটি টঙ্গীর দিকে না গিয়ে ইউটার্ন নিয়ে রাজেন্দ্রপুরের দিকে যাত্রা শুরু করে। এ সময় ডাকাতরা ব্যবসায়ী ফুল মিয়াকে চাপাতির মুখে জিম্মি করে হাত-পা বেঁধে ফেলে এবং এলোপাতাড়ি মারধর করে তার সঙ্গে থাকা নগদ টাকা ও মালামাল ছিনিয়ে নেয়। পরে তাকে মাস্টারবাড়ী এলাকার একটি পেট্রোল পাম্পের সামনে চলন্ত বাস থেকে ফেলে দিয়ে ডাকাতরা পালিয়ে যায়।
এ ঘটনায় ভুক্তভোগী ব্যবসায়ী বাদী হয়ে গাজীপুর সদর থানায় একটি ডাকাতি মামলা দায়ের করেন। দীর্ঘ তদন্ত ও গোয়েন্দা নজরদারির পর র্যাব-১৪ ময়মনসিংহের একটি আভিযানিক দল আসামিদের অবস্থান নিশ্চিত করে অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করে।
এর আগে চলতি বছরের ৬ জানুয়ারি এই মামলার আরও এক সদস্য মো. মোখলেছ মিয়াকে (৪১) গ্রেপ্তার করেছিল র্যাব।
র্যাব-১৪ ময়মনসিংহের অতিরিক্ত পুলিশ সুপার মো. সামসুজ্জামান বলেন, প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেপ্তাররা ডাকাতির সঙ্গে জড়িত থাকার কথা স্বীকার করেছে। পরে তাদের আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য মামলার তদন্তকারী কর্মকর্তার কাছে হস্তান্তর করা হয়েছে।


