ঢাকা বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

গাজীপুরে মাদকবিরোধী বিশেষ অভিযানে আটক ৩০

গাজীপুর প্রতিনিধি
প্রকাশিত: এপ্রিল ২৮, ২০২৬, ১২:৫৯ পিএম
ছবি : রূপালী বাংলাদেশ

গাজীপুর মহানগরীতে মাদকবিরোধী বিশেষ অভিযানে ৩০ জনকে আটক করেছে পুলিশ। গাজীপুর মেট্রোপলিটন পুলিশের (জিএমপি) উদ্যোগে পরিচালিত এ অভিযানে টঙ্গীর হাজী মাজার বস্তি এলাকা থেকে মাদকসেবী ও মাদক ব্যবসার সঙ্গে জড়িত সন্দেহে তাদের আটক করা হয়।

পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে গত রাতে এ অভিযান পরিচালনা করা হয়। অভিযানের সময় এলাকাজুড়ে চিরুনি তল্লাশি চালিয়ে মাদক সংশ্লিষ্ট কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগে ৩০ জনকে আটক করা হয়।

এ সময় কিছু মাদকদ্রব্যও জব্দ করা হয়েছে বলে জানিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ, তবে জব্দকৃত মাদকের পরিমাণ সম্পর্কে বিস্তারিত জানানো হয়নি।

আটককৃতদের টঙ্গী পূর্ব থানায় রাখা হয়েছে। প্রাথমিক জিজ্ঞাসাবাদ শেষে তাদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করে দুপুরে আদালতে পাঠানো হয়েছে বলে পুলিশ নিশ্চিত করেছে।

গাজীপুর মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত পুলিশ কমিশনার মো. বেলায়েত হোসাইন বলেন, মাদক নির্মূলে জিএমপি জিরো টলারেন্স নীতিতে কাজ করছে। নগরীর বিভিন্ন এলাকায় নিয়মিত ও বিশেষ অভিযান পরিচালনা করা হচ্ছে, যা ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

তিনি আরও জানান, মাদক ও সন্ত্রাস দমনে পুলিশ নিরলসভাবে কাজ করে যাচ্ছে এবং নগরবাসীর সহযোগিতা পেলে এ কার্যক্রম আরও বেগবান হবে।