গাজীপুরের কাপাসিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা (ইউএইচএফপিও) ডা. মো. হাবিবুর রহমানের বদলির আদেশ বাতিল করে বর্তমান কর্মস্থলে বহাল রাখার দাবিতে মানববন্ধন কর্মসূচি পালন করেছে উপজেলার সচেতন নাগরিক সমাজ।
বৃহস্পতিবার (২৫ জুন) দুপুরে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স চত্বরে অনুষ্ঠিত এ মানববন্ধনে বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের প্রতিনিধি, শিক্ষক, শিক্ষার্থী, ব্যবসায়ী এবং সাধারণ জনগণ স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করেন।
মানববন্ধনে বক্তব্য দেন সিনিয়র স্টাফ নার্স কামরুজ্জামান, নাজমা সুলতানা, সিএইচসিপি কামাল হোসেন, মাঠকর্মী আরিফ সিকদার, সাংবাদিক নুরুল আমীন সিকদার, সাংবাদিক সঞ্জীব কুমার দাস, কাপাসিয়া প্রেস ক্লাবের সাংগঠনিক সম্পাদক মো. বেলায়েত হোসেন শামীম, ইসমাইল হোসেন ও আসিবসহ অনেকে।
বক্তারা বলেন, ডা. মো. হাবিবুর রহমান শুধু একজন চিকিৎসক নন, তিনি এলাকার মানুষের আস্থার প্রতীক। দিন-রাত রোগীদের পাশে থেকে মানবিক চিকিৎসাসেবা প্রদান করে তিনি সাধারণ মানুষের হৃদয়ে বিশেষ স্থান করে নিয়েছেন।
তারা আরও বলেন, তার দক্ষতা, আন্তরিকতা ও সেবামূলক কর্মকাণ্ডের ফলে উপজেলার স্বাস্থ্যসেবার মান উন্নয়নে ইতিবাচক পরিবর্তন এসেছে। এমন একজন জনবান্ধব ও নিবেদিতপ্রাণ কর্মকর্তার বদলির খবরে এলাকাবাসীর মধ্যে উদ্বেগ ও হতাশা সৃষ্টি হয়েছে।
মানববন্ধনে অংশগ্রহণকারীরা বলেন, জনস্বার্থে এবং স্বাস্থ্যসেবার ধারাবাহিকতা বজায় রাখতে ডা. হাবিবুর রহমানকে বর্তমান কর্মস্থলেই বহাল রাখা জরুরি। তাই তার বদলির আদেশ অবিলম্বে প্রত্যাহার করে কাপাসিয়ায় কর্মরত রাখার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি জোর দাবি জানান তারা।
এ সময় অংশগ্রহণকারীরা বিভিন্ন ব্যানার, ফেস্টুন ও প্ল্যাকার্ড প্রদর্শন করেন। পাশাপাশি ‘জনগণের ডাক, বদলি আদেশ প্রত্যাহার হোক’সহ বিভিন্ন স্লোগান দেন।
মানববন্ধন শেষে বক্তারা আশা প্রকাশ করেন, এলাকাবাসীর দাবি বিবেচনায় নিয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ দ্রুত প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করবে এবং ডা. মো. হাবিবুর রহমানকে কাপাসিয়াতেই কর্মরত রাখবে।

