“চলো যাই যুদ্ধে, মাদকের বিরুদ্ধে”— এই স্লোগানকে সামনে রেখে ঝিনাইদহের শৈলকুপাকে মাদকমুক্ত করার লক্ষ্যে মাদকবিরোধী র্যালি ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (২৫ জুন) সকালে উপজেলার কাতলাগাড়ী বাজার এলাকায় উপজেলা মুক্তিযোদ্ধা সংসদ ও মুক্তিযোদ্ধা সন্তান কমান্ডের উদ্যোগে এ কর্মসূচির আয়োজন করা হয়।
কর্মসূচিতে বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ, স্থানীয় গণ্যমান্য ব্যক্তি, মুক্তিযোদ্ধা ও মুক্তিযোদ্ধা পরিবারের সদস্যরা অংশগ্রহণ করেন। র্যালিটি বাজার এলাকার বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে সমাবেশে মিলিত হয়।
সমাবেশে বক্তারা বলেন, মাদক শুধু একজন ব্যক্তিকে নয়, ধ্বংস করে পরিবার, সমাজ ও ভবিষ্যৎ প্রজন্মকে। তাই মাদক প্রতিরোধে প্রশাসনের পাশাপাশি সামাজিক আন্দোলন গড়ে তোলা প্রয়োজন।
বক্তারা আরও বলেন, তরুণ সমাজকে মাদকের ভয়াবহতা সম্পর্কে সচেতন করতে হবে এবং পরিবার ও সমাজকে আরও দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে। শৈলকুপাকে মাদকমুক্ত করতে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানানো হয়।
অনুষ্ঠান শেষে অংশগ্রহণকারীরা মাদকের বিরুদ্ধে সামাজিক প্রতিরোধ গড়ে তোলার প্রত্যয় ব্যক্ত করেন।

