ঢাকা মঙ্গলবার, ২১ জুলাই, ২০২৬

গাজীপুরে বসতবাড়িতে আগুন, ৯টি ঘড় পুড়ে ছাই

গাজীপুর প্রতিনিধি
প্রকাশিত: ডিসেম্বর ৭, ২০২৫, ০৮:২০ এএম
ছবি: রূপালী বাংলাদেশ

গাজীপুর মহানগরীর কোনাবাড়ি আমবাগ মধ্যপাড়া বোর্ডঘর এলাকায় একটি বসতবাড়িতে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এ ঘটনায় ৯টি রুম পুড়ে ছাই হয়ে গেছে।

শনিবার (৬ ডিসেম্বর) রাত সাড়ে ৮টার দিকে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।

ফায়ার সার্ভিস ও স্থানীয় সূত্রে জানা যায়, শনিবার রাত সাড়ে ৮টার সময় কোনাবাড়ি আমবাগ মধ্যপাড়া বোর্ডঘর এলাকায় শাজাহান মিয়ার সেমিপাকা টিনশেড বাসার ভাড়াটিয়া মর্জিনা বেগমের রুমে বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে অগ্নিকাণ্ডের সূত্রপাত হয়। পরে মুহূর্তের মধ্যে আশপাশের রুমগুলোতে আগুন ছড়িয়ে পড়ে। এ সময় স্থানীয়রা ফায়ার সার্ভিসকে খবর দেন।

খবর পেয়ে কোনাবাড়ি মডার্ন ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ঘটনাস্থলে এসে প্রায় ১ ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে।

কোনাবাড়ি মডার্ন ফায়ার সার্ভিসের ওয়্যারহাউস ইন্সপেক্টর মোহাম্মদ সাইফুল ইসলাম জানান, খবর পেয়ে তাদের দুটি ইউনিট আগুন নিয়ন্ত্রণে কাজ করে এবং এক ঘণ্টা পর আগুন সম্পূর্ণ নিয়ন্ত্রণে আসে।

তিনি আরও জানান, আগুন লাগার কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ তাৎক্ষণিকভাবে জানা সম্ভব হয়নি। তবে এ ঘটনায় কোনো হতাহতের ঘটনা ঘটেনি।