সংবাদ সম্মেলনে পদত্যাগের ঘোষণা দিলেও শেষ রক্ষা হলো না টুঙ্গিপাড়া পৌর যুবলীগের যুগ্ম সাধারণ সম্পাদক লেলিন সাহার (৩৬)।
শনিবার (১০ জানুয়ারি) দুপুরে উপজেলার পাটগাতী বাসস্ট্যান্ডের পৌর মাল্টিপারপাস মার্কেটের সামনে থেকে তাকে গ্রেপ্তার করে পুলিশ। বিকেলেই আদালতের মাধ্যমে তাকে কারাগারে পাঠানো হয়েছে।
লেলিন সাহা পাটগাতী গ্রামের পরিমল সাহার ছেলে। এর আগে শনিবার বেলা ১২টায় শারীরিক অসুস্থতা ও ব্যবসায়িক ক্ষতির কারণ দেখিয়ে টুঙ্গিপাড়া প্রেসক্লাবে সংবাদ সম্মেলন করে যুবলীগ থেকে পদত্যাগের ঘোষণা দেন।
টুঙ্গিপাড়া থানার উপ-পরিদর্শক (এসআই) মনির হোসেন জানান, ২০২৫ সালের ২ ফেব্রুয়ারি টুঙ্গিপাড়া উপজেলার বাঘিয়ারঘাট স্কুল এন্ড কলেজের সামনে আওয়ামী লীগ কর্মীকে ছাড়িয়ে দিতে পুলিশের ওপর হামলা ও গাড়ি ভাঙচুরের ঘটনার তদন্তে লেলিন সাহার সম্পৃক্ততা পাওয়া গেছে। তখন থেকেই তিনি আত্মগোপনে ছিলেন। তবে সম্প্রতি গ্রেপ্তার এড়াতে অন্য দলের নেতাকর্মীদের সঙ্গে যোগাযোগ করেছিলেন।
এসআই মনির হোসেন বলেন, গোপন সংবাদের ভিত্তিতে জানা যায়, যুবলীগ নেতা লেলিন শনিবার একটি বিয়ের অনুষ্ঠানে পৌর মাল্টিপারপাস মার্কেটে উপস্থিত ছিলেন। অনুষ্ঠান থেকে বের হওয়ার সঙ্গে সঙ্গে তাকে গ্রেপ্তার করা হয়।
টুঙ্গিপাড়া থানা সূত্রে জানা গেছে, ঘটনার পর ১০৫ জনের নাম উল্লেখসহ অজ্ঞাত আরও ৫০০ জনকে আসামি করে মামলা দায়ের করা হয়।


