ঢাকা বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

জমি নিয়ে বিরোধের জেরে স্বামী-স্ত্রীকে কুপিয়ে ও পিটিয়ে আহত

নিজস্ব প্রতিবেদক, গোপালগঞ্জ
প্রকাশিত: জানুয়ারি ১৫, ২০২৬, ১২:২৫ পিএম
ছবি : রূপালী বাংলাদেশ

গোপালগঞ্জে জমি নিয়ে বিরোধের জের ধরে প্রতিপক্ষের লোকজন সমীর পোদ্দার (৪৭) ও তার স্ত্রী লিপিকা পোদ্দারকে (৪০) কুপিয়ে ও পিটিয়ে আহত করেছে।

বুধবার (১৪ জানুয়ারি) সন্ধ্যায় গোপালগঞ্জ সদর উপজেলার উলপুর ইউনিয়নের সোয়ানীপাড়া গ্রামে এ ঘটনা ঘটে।

আহত সমীর পোদ্দার জানান, প্রায় ১২ বছর আগে তিনি এবং কিশোর পোদ্দার সোয়ানীপাড়া গ্রামের ধলু পোদ্দারের কাছ থেকে একটি ডোবা জমি কিনেন। পরে ওই জমি ভরাট করে বসতবাড়ি নির্মাণ করেন।

দুই বছর আগে ওই জমির পাশ দিয়ে রাস্তা নির্মাণের পর প্রতিবেশী কিশোর পোদ্দার জমিটি দখল করার চেষ্টা করেন। বিষয়টি আদালতে গেলে আদালত ওই জমিতে স্থাপনা নির্মাণে নিষেধাজ্ঞা জারি করেন।

বুধবার সন্ধ্যায় নিষেধাজ্ঞাপূর্ণ জমিতে কিশোর পোদ্দার ও তার লোকজন কাজ করতে গেলে সমীর পোদ্দারের স্ত্রী লিপিকা বাধা দেন। এরপর তারা বাধা দিলে কিশোর পোদ্দার ও তার লোকজন তাদের মারধর করেন।

একপর্যায়ে সমীরের স্ত্রী লিপিকাকে রামদা দিয়ে আঘাত করলে মারাত্মকভাবে আহত হন। পরিবারের অন্যান্য সদস্য এবং স্থানীয়রা তাদের উদ্ধার করে গোপালগঞ্জ ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালে ভর্তি করেন। এ ঘটনায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

বৌলতলী পুলিশ ফাঁড়ির পরিদর্শক মোল্যা আফজাল হোসেন জানান, এখনো থানায় কোনো অভিযোগ পাওয়া যায়নি। অভিযোগ পেলে তদন্ত শেষে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।