ঢাকা বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

সন্ত্রাসবিরোধী আইনে ইউপি সদস্য ও যুবলীগ নেতা গ্রেপ্তার

টুঙ্গিপাড়া (গোপালগঞ্জ) প্রতিনিধি
প্রকাশিত: জানুয়ারি ১৮, ২০২৬, ০৭:৫১ পিএম
গ্রেপ্তার যুবলীগ সভাপতি তৌহিদুল বিশ্বাস।

গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় সন্ত্রাসবিরোধী আইনের মামলায় বর্ণি ইউনিয়নের তৌহিদুল বিশ্বাস নামে এক ইউপি সদস্য ও যুবলীগ নেতাকে গ্রেপ্তার করেছে পুলিশ।

রোববার (১৮ জানুয়ারি) দুপুর আড়াইটায় বর্ণি বাজার থেকে তাকে আটক করা হয়। একইদিন বিকেলে আদালতের মাধ্যমে তাকে কারাগারে পাঠানো হয়েছে।

গ্রেপ্তার তৌহিদুল বিশ্বাস বর্ণি ইউনিয়নের ৬ নং ওয়ার্ডের ইউপি সদস্য এবং ওই ওয়ার্ডের যুবলীগ সভাপতি।

টুঙ্গিপাড়া থানার ওসি আইয়ুব আলী এই তথ্য নিশ্চিত করেছেন।

পুলিশ সূত্রে জানা যায়, গত ১৭ ফেব্রুয়ারি ধানমন্ডি ৩২ নম্বর বাড়ি ভাংচুর এবং শেখ হাসিনাসহ নেতাকর্মীদের নামে মামলা প্রত্যাহারের দাবিতে ডুমুরিয়া ইউনিয়নের পাকুরতিয়া বাজারে মশাল মিছিলের মাধ্যমে জনমনে আতঙ্ক সৃষ্টি করা হয়। 

পরদিন এই ঘটনার পর টুঙ্গিপাড়া থানায় সন্ত্রাসবিরোধী আইনে মামলা দায়ের করা হয়। মামলায় ৫১ জনের নাম উল্লেখ করা হয়েছে এবং আরও ১৫০-২০০ অজ্ঞাত ব্যক্তিকে আসামি করা হয়েছে।

ওসি আইয়ুব আলী বলেন, ‘ডুমুরিয়া ইউনিয়নের পাকুরতিয়া বাজারে মশাল মিছিল বের করে জনমনে আতঙ্ক সৃষ্টি করা হয়েছে। তদন্তে ইউপি সদস্য ও যুবলীগ নেতা তৌহিদুল বিশ্বাসের সংশ্লিষ্টতা পাওয়া যায়, তাই তাকে রোববার দুপুরে গ্রেপ্তার করা হয়েছে।’

তিনি আরও জানান, বিকেলে আদালতের মাধ্যমে তাকে কারাগারে পাঠানো হয়েছে।