গোপালগঞ্জ-৩ (কোটালীপাড়া-টুঙ্গিপাড়া) আসনের বিএনপি মনোনীত প্রার্থী ও স্বেচ্ছাসেবক দলের কেন্দ্রীয় সভাপতি এস এম জিলানী বলেছেন, ‘আমি আপনাদের কাছে কোনো রাজনৈতিক দলের নেতা বা এমপি হয়ে থাকতে চাই না; আমি সেবক হয়ে আপনাদের পাশে থাকতে চাই।’
তিনি বলেন, ‘আপনারা আমাকে একটি বারের মতো ভোট দিয়ে আপনাদের পাশে থাকার সুযোগ করে দিন। আমি নির্বাচিত হতে পারলে আপনাদের সঙ্গে নিয়ে আলোচনার মাধ্যমে এলাকার উন্নয়ন করব।’
শুক্রবার (৬ ফেব্রুয়ারি) সকালে কোটালীপাড়া উপজেলার সাদুল্লাপুর ইউনিয়নের উত্তর হাজরাবাড়ী দুর্গা মন্দির চত্বরে স্থানীয় বিএনপি আয়োজিত উঠান বৈঠকে এসব কথা বলেন জিলানী।
তিনি আরও বলেন, আমি যদি নির্বাচিত হতে পারি তা হলে এ এলাকাকে শান্তি-সম্প্রীতির আবাস ভূমিতে পরিণত করব। খেলাধুলার প্রসার ঘটিয়ে একটি মাদকমুক্ত সমাজ গড়ে তুলব।
উপস্থিত জনগণকে উদ্দেশ করে এস এম জিলানী বলেন, বিএনপি ক্ষমতায় গেলে চার কোটি গৃহিণীকে ফ্যামিলি কার্ড দেওয়া হবে। এই কার্ডের মাধ্যমে প্রতিটি পরিবার প্রতি মাসে আড়াই হাজার টাকার নিত্যপণ্য ক্রয় করতে পারবে। এ ছাড়া কৃষকদের কৃষি কার্ড দেওয়া হবে। কৃষকরা এই কার্ডের মাধ্যমে বিনামূল্যে সার, বীজসহ নানা সুযোগ-সুবিধা পাবে। স্বাস্থ্যসেবার মান উন্নয়নে দেশের প্রতিটি পরিবারের সদস্যদের দেওয়া হবে স্বাস্থ্য কার্ড।
এ সময় উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আবুল বশার হাওলাদার, কাজী অমিত মাহমুদ, নজরুল ইসলাম মহিন, অ্যাডভোকেট ইলিয়াছ হায়দার, অনিমেষ গাইনসহ স্থানীয় বিএনপির নেতৃবৃন্দ তার সঙ্গে ছিলেন।


