ঢাকা বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

গোপালগঞ্জে মুড়িকাটা পেঁয়াজের চাষাবাদ বাড়ছে

নিজস্ব প্রতিবেদক, গোপালগঞ্জ
প্রকাশিত: ফেব্রুয়ারি ২৪, ২০২৬, ০৩:২২ পিএম
ছবি : রূপালী বাংলাদেশ

গোপালগঞ্জে প্রতিবছরই মুড়িকাটা পেঁয়াজের চাষাবাদ বাড়ছে। ভালো দাম পাওয়ায় জেলার কৃষকেরা এই পেঁয়াজ চাষে আগ্রহী হচ্ছেন। কৃষি বিভাগ বলছে, মুড়িকাটা পেঁয়াজের দাম ভালো পাওয়ায় একদিকে যেমন কৃষকরা পেঁয়াজ চাষে ঝুঁকছেন, অন্যদিকে কৃষি বিভাগও কৃষকদের মুড়িকাটা পেঁয়াজ চাষের জন্য উদ্বুদ্ধ করছে।

গোপালগঞ্জ জেলায় মূলত চারা পেঁয়াজ বা হালি পেঁয়াজের চাষাবাদ হয়ে থাকে। কিন্তু মুড়িকাটা পেঁয়াজে চাষে অধিক লাভবান হওয়ায় এখন কৃষকেরা সেদিকেই ঝুঁকে পড়ছেন। কৃষি বিভাগও চাষিদের প্রণোদনা ও পরামর্শ দিচ্ছেন এই পেয়াজের আবাদ করার জন্য।

সদর উপজেলার করপাড়া গ্রামের কৃষক হাসান সিকদার ও আবু সাইদ মোল্লা জানান, মুড়িকাটা পেঁয়াজ বিঘাপ্রতি ১০০ থেকে ১২০ মণ ফলন দিয়েছে। উৎপাদন খরচ উঠিয়ে তাদের বেশ লাভ হচ্ছে। প্রতি মণ পেঁয়াজ প্রকারভেদে জমি থেকেই ১৬০০ থেকে ১৮০০ টাকা মণ দরে পাইকাররা কিনে নিয়ে যাচ্ছেন। এ বছর লাভবান হওয়ায় আগামীতে কৃষকেরা আরও জমিতে মুড়িকাটা পেঁয়াজের চাষাবাদ করবেন বলে জানান।

এলাকায় পেঁয়াজ চাষ বাড়তে থাকায় স্থানীয় নারী শ্রমিকেরাও তাদের শ্রম বিক্রি করতে পারছেন। নারী শ্রমিক রুপা বেগম ও স্বপ্না বেগম জানান, জমি থেকে পেঁয়াজ ওঠানো ও কেটে বিক্রি উপযোগী করে দেয়ায় নারী শ্রমিকেরা সকাল থেকে দুপুর পর্যন্ত ২৫০ টাকা পারিশ্রমিক পেয়ে সংসারের জন্য বাড়তি আয় করতে পারছেন।

কৃষকদের প্রণোদনাসহ মুড়িকাটা পেঁয়াজ চাষে উদ্বুদ্ধকরণের কথা বললেন কৃষি সম্প্রসারণ অফিসের উপপরিচালক ড. মো. মামুনুর রহমান। এ বছর গোপালগঞ্জে ৪ হাজার ১৩০ হেক্টর জমিতে পেঁয়াজ আবাদ করেছিল কৃষকেরা।