জামালপুরের সরিষাবাড়ী উপজেলায় প্রেমঘটিত ঘটনার জেরে রাশেদা আক্তার (১৭) নামে এক কিশোরীর রহস্যজনক মৃত্যু হয়েছে।
মঙ্গলবার (১৩ জানুয়ারি) সকালে উপজেলার পোগলদিঘা ইউনিয়নের পুঠিয়ারপাড় এলাকার নিজ বসতঘর থেকে তার মরদেহ উদ্ধার করে পুলিশ।
পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, রাশেদা ওই এলাকার আব্দুল হাকিমের মেয়ে। সম্প্রতি একই উপজেলার এক বিবাহিত যুবকের সঙ্গে তার মুঠোফোনে প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। সোমবার ওই যুবকের কাছে যাওয়ার উদ্দেশে রাশেদা বাড়ি থেকে বের হলে বিষয়টি জানাজানি হয়। পরে পরিবারের সদস্যরা তাকে তারাকান্দি এলাকা থেকে উদ্ধার করে বাড়িতে ফিরিয়ে আনে।
পরিবারের সদস্যদের ভাষ্য, এ ঘটনায় রাতে রাশেদাকে শাসন করা হয়। পরে গভীর রাতে নিজ ঘরে গলায় ওড়না পেঁচিয়ে আত্মহত্যা করেছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। সকালে বিষয়টি জানাজানি হলে পুলিশে খবর দেওয়া হয়।
স্থানীয়দের অনেকেই জানান, যার সঙ্গে রাশেদার সম্পর্ক ছিল তিনি বিবাহিত এবং বখাটে প্রকৃতির। সম্পর্কটি পরিবার মেনে নেবে না—এই আশঙ্কা ও পারিবারিক শাসনের কারণে মানসিকভাবে ভেঙে পড়ে কিশোরীটি আত্মহননের পথ বেছে নিতে পারে।
নিহতের বাবা আব্দুল হাকিম বলেন, 'মেয়েটি একটি ভুল করেছিল। আমি তাকে শাসন করেছি। অভিমানে সে আত্মহত্যা করেছে। আমাদের পক্ষ থেকে কারও বিরুদ্ধে কোনো অভিযোগ নেই।'
সরিষাবাড়ী থানার দায়িত্বরত উপপরিদর্শক (এসআই) রফিকুল ইসলাম জানান, মরদেহ উদ্ধার করে থানায় নেওয়া হয়েছে। প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া শেষে মরদেহটি ময়নাতদন্তের জন্য জামালপুর জেলা সদর হাসপাতাল মর্গে পাঠানো হবে।

