জামালপুরের সরিষাবাড়ীতে অবস্থিত যমুনা ফার্টিলাইজার কোম্পানী লিমিটিডে (জেএফসিএল) শ্রমিক নিয়োগে চুক্তি ও সরকারি নীতিমালা লঙ্ঘনের অভিযোগ উঠেছে। এ ঘটনায় কারখানার প্রশাসন বিভাগের উপ-মহাব্যবস্থাপক (ডিজিএম) দেলোয়ার হোসেনের বিরুদ্ধে তিন সদস্যের তদন্ত কমিটি গঠন করেছে বাংলাদেশ কেমিক্যাল ইন্ডাস্ট্রিজ কর্পোরেশন (বিসিআইসি)।
মঙ্গলবার (২০ জানুয়ারি) বিসিআইসির উপ-মহাব্যবস্থাপক (ক্রয়) ও তদন্ত কমিটির সদস্য সচিব মুহাম্মদ আব্দুস ছালাম এ বিষয়ে অফিস আদেশ জারি করেন।
কমিটির আহ্বায়ক হিসেবে দায়িত্ব পেয়েছেন বিসিআইসির মহাব্যবস্থাপক (বাণিজ্যিক-বিপণন) কাজী আনোয়ার হোসেন। অন্য সদস্য হলেন অতিরিক্ত প্রধান প্রকৌশলী (রসায়ন) মুহাম্মদ শরীফুল ইসলাম মজুমদার।
অভিযোগ অনুযায়ী, ‘দৈনিক ভিত্তিতে সাময়িক শ্রমিক নিয়োগ নীতিমালা-২০২৫’ অনুসারে কারখানা চালুকালীন ২৩৯ জন এবং বন্ধকালীন ১৬৫ জন শ্রমিক নিয়োগের জন্য বিজ্ঞপ্তির মাধ্যমে মেসার্স আল মমিন আউটসোর্সিং সার্ভিসেস লিমিটেডকে ঠিকাদার নিয়োগ দেওয়া হয়। তবে অভিযোগ রয়েছে, উপ-মহাব্যবস্থাপক (প্রশাসন) দেলোয়ার হোসেন চুক্তির শর্ত উপেক্ষা করে অন্য মাধ্যমে শ্রমিক নিয়োগ দেন, যার ফলে সংশ্লিষ্ট ঠিকাদারি প্রতিষ্ঠান মাত্র ২৪ জন শ্রমিক নিয়োগ করতে পারে।
অভিযোগকারী প্রতিষ্ঠানটির স্বত্বাধিকারী মমিনুল ইসলাম বলেন, ‘চুক্তিভুক্ত প্রতিষ্ঠানকে পাশ কাটিয়ে নীতিমালা ভেঙে শ্রমিক নিয়োগ দেওয়া হয়েছে। এ অনিয়মের প্রতিকার চেয়ে বিসিআইসির কাছে লিখিত অভিযোগ জানানো হয়।’
আগামী বৃহস্পতিবার (২২ জানুয়ারি) অভিযোগকারীর বক্তব্য গ্রহণ করবে তদন্ত কমিটি।
এ বিষয়ে মন্তব্য জানতে চাইলে উপ-মহাব্যবস্থাপক দেলোয়ার হোসেন বলেন, তিনি বর্তমানে কারখানার বাইরে রয়েছেন, পরে কথা বলবেন—এ কথা বলে ফোন কেটে দেন।



