ঢাকা বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

পরকীয়ার সন্দেহে যুবককে গলা কেটে হত্যাচেষ্টা

যশোর প্রতিনিধি
প্রকাশিত: ডিসেম্বর ২৮, ২০২৫, ০৮:২৭ এএম
ছবি : রূপালী বাংলাদেশ

যশোরে গোলাম রসুল (৩০) নামে এক যুবকের গলা কেটে হত্যার চেষ্টা করেছে দুর্বৃত্তরা। শনিবার (২৭ ডিসেম্বর) রাত সাড়ে ১০টার দিকে শহরের বারান্দীপাড়ায় এ ঘটনা ঘটে।

আহত গোলাম রসুল সদর উপজেলার বেনিয়ালি গ্রামের নিছারের ছেলে। তিনি বর্তমানে যশোর ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন।

পুলিশ ধারণা করছে, পরকীয়ার জেরে ঘটনাটি ঘটতে পারে।

জানা গেছে, স্থানীয় কয়েকজন গোলাম রসুলকে রক্তাক্ত অবস্থায় জেনারেল হাসপাতালে নিয়ে আসেন। কারা এবং কী কারণে তাকে গলা কেটে হত্যার চেষ্টা করেছে, তা তাদের জানা নেই।

তবে আহত গোলাম রসুলের হাতে থাকা একটি চিরকুটে লেখা ছিল, স্থানীয় টুটুলের ছেলে আমিন, তপু ও সজীব তাকে হত্যাচেষ্টা করেছে। আহতের অবস্থা গুরুতর হওয়ায় তার কাছ থেকেও প্রকৃত ঘটনা জানা সম্ভব হয়নি।

হাসপাতালের সার্জারি ওয়ার্ডে দায়িত্বরত চিকিৎসক রেজওয়ান আহমেদ জানান, আহত গোলাম রসুলের শ্বাসনালি ক্ষতিগ্রস্ত হয়েছে। অতিরিক্ত রক্তক্ষরণে তার অবস্থা আশঙ্কাজনক।

যশোর কোতোয়ালি মডেল থানার উপপরিদর্শক (এসআই) হামিদুল ইসলাম জানান, গোলাম রসুল শহরের প্যারিস রোডে একটি ফাস্টফুডের দোকানে কাজ করতেন। পাঁচ দিন আগে থেকে তিনি নিখোঁজ ছিলেন। এ ঘটনায় পরিবারের পক্ষ থেকে থানায় একটি জিডি করা হয়েছে। পরকীয়ার জেরে ঘটনাটি ঘটতে পারে বলে সন্দেহ করা হচ্ছে। তবে তদন্ত ছাড়া আসল ঘটনা বলা সম্ভব নয়।