ঢাকা বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

যশোর-কুষ্টিয়াঞ্চলে বিজয়ী জামায়াতের ১৭ এমপিকে সংবর্ধনা

যশোর প্রতিনিধি
প্রকাশিত: ফেব্রুয়ারি ১৬, ২০২৬, ০৭:৫০ এএম
সংবর্ধনা পাওয়া নবনির্বাচিত সংসদ সদস্যরা। ছবি: রূপালী বাংলাদেশ

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে যশোর-কুষ্টিয়া বৃহত্তর অঞ্চল থেকে নির্বাচিত বাংলাদেশ জামায়াতে ইসলামীর ১৭ জন সংসদ সদস্যকে সংবর্ধনা প্রদান করা হয়েছে।

রোববার (১৫ ফেব্রুয়ারি) যশোর জেলা জামায়াতে ইসলামীর কার্যালয়ে এই সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়। বাংলাদেশ জামায়াতে ইসলামীর পক্ষ থেকে আয়োজিত অনুষ্ঠানে নেতাকর্মীদের ব্যাপক উপস্থিতি ছিল।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জামায়াতের কেন্দ্রীয় নির্বাহী পরিষদের সদস্য ও যশোর-কুষ্টিয়া অঞ্চল পরিচালক মোবারক হোসেন। সভাপতিত্ব করেন যশোর জেলা জামায়াতে ইসলামীর আমির গোলাম রসুল।

প্রধান অতিথির বক্তব্যে মোবারক হোসেন বলেন, জনগণের রায় একটি আমানত। এই আমানতের মর্যাদা রক্ষা করা প্রতিটি বিজয়ী সংসদ সদস্যের নৈতিক ও সাংগঠনিক দায়িত্ব। 

তিনি নবনির্বাচিত এমপিদের ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানিয়ে বলেন, দেশের মানুষের প্রত্যাশা পূরণে সততা, স্বচ্ছতা ও জবাবদিহিতার মাধ্যমে দায়িত্ব পালন করতে হবে।

তিনি আরও বলেন, যারা এবার নির্বাচনে বিজয়ী হতে পারেননি, তাদের হতাশ হওয়ার কোনো কারণ নেই। আগামী দিনের আন্দোলন-সংগ্রাম ও সাংগঠনিক কার্যক্রমকে আরও বেগবান করতে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে।

পাশাপাশি সাধারণ মানুষের দোরগোড়ায় পৌঁছে ইনসাফভিত্তিক রাষ্ট্র গঠনের বার্তা ছড়িয়ে দেওয়ার আহ্বান জানান তিনি।

অনুষ্ঠানে বিজয়ী ১৭ জন সংসদ সদস্যকে ফুলেল শুভেচ্ছা ও ক্রেস্ট প্রদান করে সম্মাননা জানানো হয়। এ সময় উপস্থিত নেতাকর্মীরা করতালির মাধ্যমে নবনির্বাচিত সংসদ সদস্যদের অভিনন্দন জানান।

বক্তারা বলেন, এই বিজয় শুধু ব্যক্তিগত নয়, এটি জনগণের বিজয় এবং সংগঠনের দীর্ঘদিনের ত্যাগ-তিতিক্ষা ও আন্দোলনের ফল।

সংবর্ধনা পাওয়া সংসদ সদস্যরা হলেন—

  • আব্দুল গফুর (কুষ্টিয়া-২, মিরপুর–ভেড়ামারা)
  • মুফতী আমীর হামজা (কুষ্টিয়া-৩, সদর)
  • মাওলানা আফজাল হোসেন (কুষ্টিয়া-৪, খোকসা–কুমারখালী)
  • মাওলানা তাজ উদ্দীন খান (মেহেরপুর-১, সদর)
  • মাওলানা নাজমল হুদা (মেহেরপুর-২, গাংনী)
  • অ্যাডভোকেট মাসুদ পারভেজ রাসেল (চুয়াডাঙ্গা-১)
  • অ্যাডভোকেট রুহুল আমীন (চুয়াডাঙ্গা-২)
  • অধ্যাপক আলী আজম মো. আকর (ঝিনাইদহ-২)
  • অধ্যাপক মতিয়ার বহুমান (ঝিনাইদহ-৩)
  • আবু তালেব (ঝিনাইদহ-৪)
  • অ্যাডভোকেট আতাউর রহমান বাচ্চু (নড়াইল-২)
  • মাওলানা আজিজুর রহমান (যশোর-১)
  • ডা. মসলেহ উদ্দিন ফরিদ (যশোর-২)
  • অধ্যাপক গোলাম রসুল (যশোর-৪)
  • অ্যাডভোকেট গাজী এনামুল হক (যশোর-৫)
  • অধ্যাপক মুক্তার আলী (যশোর-৬)

এছাড়াও অনুষ্ঠানে অঞ্চল সহকারী পরিচালক মাওলানা আজিজুর রহমান, অঞ্চল টিম সদস্য আলী মহসিন, আব্দুল মতিন, মাওলানা আশেক এলাহীসহ জেলা ও উপজেলা পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।