যশোরের চৌগাছায় অভিযান চালিয়ে ৫ হাজার ৬০০ লিটার ডিজেল, ২৪২ লিটার পেট্রোল এবং ৩৮ লিটার অকটেন জব্দ করেছে ভ্রাম্যমাণ আদালত।
রোববার (৮ মার্চ) বিকেল তিনটার দিকে যশোর জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট শোয়াইব হাসানের নেতৃত্বে এ অভিযান পরিচালিত হয়।
এ সময় অবৈধভাবে বিপুল পরিমাণ জ্বালানি তেল মজুদ করার অপরাধে উপজেলার ১ নম্বর ফুলসারা ইউনিয়নের সলুয়া বাজারের ব্যবসায়ী নিজাম উদ্দিনকে ১ লাখ টাকা জরিমানা করা হয়।
পরে একই বাজারের রুহুল আমিন নামে অপর ব্যবসায়ীকে ওজন ও পরিমাপ আইনে ১৫ হাজার টাকা জরিমানা করেন ভ্রাম্যমাণ আদালত।
এদিকে বিকেল ৪টার দিকে চৌগাছা শহরের চৌগাছা ফিলিং স্টেশনেও ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়। সহকারী কমিশনার (ভূমি) রেশমা খাতুনের নেতৃত্বে পরিচালিত ওই অভিযানে ওজন ও পরিমাপ আইনে ফিলিং স্টেশনটিকে ২০ হাজার টাকা জরিমানা করা হয়।
আদালত সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে চৌগাছা থানার ওসি রেজাউল ইসলামের নেতৃত্বে পুলিশ অবৈধভাবে মজুদ করা বিপুল পরিমাণ জ্বালানি তেল উদ্ধার করে।
পরে উপজেলা নির্বাহী কর্মকর্তাকে বিষয়টি জানানো হলে তিনি জেলা প্রশাসকের সঙ্গে কথা বলে জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট শোয়াইব হাসানকে ঘটনাস্থলে পাঠান।
সেখানে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে নিজাম উদ্দিনকে ১ লাখ টাকা জরিমানা করা হয় এবং ২৮ ব্যারেল (প্রতি ব্যারেলে ২০০ লিটার) ডিজেলসহ ২৪২ লিটার পেট্রোল ও ৩৮ লিটার অকটেন জব্দ করা হয়।
এ বিষয়ে চৌগাছা উপজেলা নির্বাহী কর্মকর্তা তানভীর আহমেদ বলেন, জব্দ করা তেল মিনা ফিলিং স্টেশন ও আরএস ফিলিং স্টেশনে বিক্রির জন্য রাখা হয়েছে। সেখানে ন্যায্যমূল্যে ভোক্তাদের কাছে বিক্রি করে প্রাপ্ত অর্থ সরকারি কোষাগারে জমা দেওয়া হবে।


সর্বশেষ খবর পেতে রুপালী বাংলাদেশের গুগল নিউজ চ্যানেল ফলো করুন