ঢাকা বুধবার, ১৭ জুন, ২০২৬

যশোরে ৬ মামলার আসামি রিয়াজ খুন 

যশোর প্রতিনিধি
প্রকাশিত: জুন ১৭, ২০২৬, ০১:২৭ পিএম
অভয়নগর থানা। ছবি : সংগৃহীত

যশোরের অভয়নগরে মাদক ও ডাকাতিসহ ছয় মামলার আসামি রিয়াজ হোসেনকে (৪০) কুপিয়ে হত্যার করেছেন দুর্বৃত্তরা।

মঙ্গলবার (১৬ জুন) রাত ১টার দিকে উপজেলার প্রেমবাগ ইউনিয়নের ধলিরগাতী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মাঠে এ ঘটনা ঘটে। নিহত রিয়াজ ধলিরগাতী গ্রামের মনসুর আলীর ছেলে। 

স্থানীয়রা জানান, ঘটনার রাতে রিয়াজ ধলিরগাতী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মাঠে বসে ছিলেন। এসময় দুর্বৃত্তরা তাকে কুপিয়ে ফেলে রেখে যায়। খবর পেয়ে পুলিশ তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। এ সময় জরুরি বিভাগের চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। নিহত রিয়াজ ভয়ঙ্কর মানুষ হিসেবে পরিচিত। তার নেতৃত্বে এলাকায় নানা অপরাধ কর্মকাণ্ড চলত। আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে প্রতিপক্ষ তাকে খুন করতে পারে বলে এলাকাবাসীর ধারণা।

অভয়নগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার ডা. মোহাম্মদ সবুজ জানান, রাত ২টার দিকে রিয়াজকে মৃত অবস্থায় হাসপাতালে আনা হয়েছিল। তার মাথা ও পাসহ শরীরের বিভিন্ন স্থানে ধারালো অস্ত্রের আঘাতের চিহ্ন রয়েছে। 

অভয়নগর থানার অফিসার ইনচার্জ (ওসি) নুরুজ্জামান জানান, নিহত রিয়াজের বিরুদ্ধে থানায় ডাকাতি, ছিনতাই ও মাদকসহ ৬টি মামলা রয়েছে। কি কারণে তাকে খুন করা হয়েছে পুলিশ তদন্ত করছে। হত্যাকাণ্ডে জড়িতদের আটকে অভিযান অব্যাহত আছে।