ঢাকা বুধবার, ১৭ জুন, ২০২৬

আন্তর্জাতিক উচ্চশিক্ষা সহযোগিতা নিয়ে ইউল্যাবে আলোচনা সভা

রূপালী প্রতিবেদক
প্রকাশিত: জুন ১৭, ২০২৬, ০১:৪১ পিএম
ছবি : সংগৃহীত

উচ্চশিক্ষায় যৌথ অংশীদারিত্ব এবং দ্বৈত ডিগ্রি কর্মসূচির জন্য জাতীয় নীতিমালা প্রণয়নের লক্ষ্যে বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন (ইউজিসি)-এর উদ্যোগের ইউনিভার্সিটি অব লিবারেল আর্টস বাংলাদেশ (ইউল্যাব)-এর একটি উচ্চপর্যায়ের পরামর্শ সভা অনুষ্ঠিত হয়।

রোববার (১৪ জুন) ইউনিভার্সিটি অব লিবারেল আর্টস বাংলাদেশের চ্যান্সেলারি মিটিং রুমে এ সভা অনুষ্ঠিত হয়।

এতে ফুলব্রাইট স্পেশালিস্ট ও প্রোগ্রাম অ্যানালিস্ট ড. গ্রেস মুকুম্পা অংশগ্রহণ করেন।

সভায় উপাচার্য অধ্যাপক সামসাদ মর্তূজা আন্তর্জাতিক মানসম্পন্ন শিক্ষা ও গবেষণার পরিবেশ নিশ্চিত করতে বিশ্ববিদ্যালয়টির চলমান অঙ্গীকারের কথা তুলে ধরেন। এ সময় আরও উপস্থিত ছিলেন উপ-উপাচার্য অধ্যাপক জুড উইলিয়াম হেনিলো, অধ্যাপক মিলন কুমার ভট্টাচার্য, কোষাধ্যক্ষ, রেজিস্ট্রার এবং বিভিন্ন অনুষদের ডিন, বিভাগীয় প্রধান ও বিশ্ববিদ্যালয়ের ঊর্ধ্বতন প্রশাসনিক কর্মকর্তারা।

ড. গ্রেস মুকুম্পা ইউজিসির এ উদ্যোগের উদ্দেশ্য তুলে ধরেন এবং দ্বৈত ডিগ্রি কর্মসূচির বিভিন্ন মডেল, ক্রেডিট স্থানান্তর ব্যবস্থা, গুণগত মান নিশ্চিতকরণ প্রক্রিয়া, প্রাতিষ্ঠানিক প্রস্তুতি, প্রশাসনিক কাঠামো এবং আন্তর্জাতিক সহযোগিতার বিভিন্ন দিক নিয়ে আলোচনা পরিচালনা করেন।

বিশ্ববিদ্যালয়ের প্রশাসন ও শিক্ষকদের সঙ্গে পরামর্শ সভার পাশাপাশি ড. মুকুম্পা ইউল্যাবের শিক্ষার্থীদের সঙ্গেও আলোচনা করেন। এতে আন্তর্জাতিকীকরণ, বৈশ্বিক শিক্ষার সুযোগ, শিক্ষার্থী বিনিময় কার্যক্রম এবং আন্তর্জাতিক উচ্চশিক্ষা অংশীদারিত্ব বিষয়ে শিক্ষার্থীদের মতামত ও প্রত্যাশা তুলে ধরা হয়।

এই পরামর্শ সভা নীতিনির্ধারক, বিশ্ববিদ্যালয় প্রশাসন, শিক্ষক, কর্মকর্তা এবং শিক্ষার্থীদের মধ্যে একটি ফলপ্রসূ সংলাপের ক্ষেত্র তৈরি করে। একই সঙ্গে এটি উচ্চশিক্ষায় মানসম্মত আন্তর্জাতিক অংশীদারিত্বকে উৎসাহিত করার পাশাপাশি বাংলাদেশের উচ্চশিক্ষা খাতকে আরও শক্তিশালী করতে জাতীয় নীতিমালা প্রণয়নের চলমান প্রক্রিয়ায় গুরুত্বপূর্ণ অবদান রাখবে বলে প্রত্যাশা করা হচ্ছে।