যশোরের চৌগাছায় বানর খেলা দেখতে গিয়ে সড়কে ইজিবাইক চাপায় মোস্তাফিজুর রহমান (৭) নামে এক স্কুল শিক্ষার্থী নিহত হয়েছে। সে উপজেলার দক্ষিণ সাগর গ্রামের আশাদুল ইসলামের ছেলে এবং দক্ষিণসাগর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ৩য় শ্রেণির শিক্ষার্থী। আশাদুল ইসলাম জগদীশপুর ইউনিয়নের দক্ষিণসাগর ওয়ার্ড জামায়াতের সভাপতি।
মঙ্গলবার (৭ জুলাই) সকাল ৮টার দিকে উপজেলার জগদীশপুর ইউনিয়নের দক্ষিণ সাগর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সামনে চৌগাছা-আড়পাড়া সড়কে এ দুর্ঘটনা ঘটে।
নিহত মোস্তাফিজুর রহমান বাবা জানান, সকালে স্কুল যাওয়ার আগে বানর খেলা দেখতে দক্ষিণ সাগর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সামনে বিদ্যালয়ের সামনে যায়। যাওয়ার সময় ওর মা এবং আমি বলেছিলাম রাস্তার এক পাশ দিয়ে যাস। কিছুক্ষণ পরেই শুনি ছেলে ব্যাটারীচালিত ইজিবাইকে চাপা পড়েছে। দ্রুত সেখানে গিয়ে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিই। সেখানে পরীক্ষা নিরীক্ষা করে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
চৌগাছা থানার ওসি মামুনুর রশীদ ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, এ বিষয়ে পরবর্তী আইনি পদক্ষেপ প্রক্রিয়াধীন।

