ঢাকা রবিবার, ১২ জুলাই, ২০২৬

বেনাপোল সীমান্তে বিদেশি পিস্তল ও গুলি উদ্ধার

বেনাপোল প্রতিনিধি
প্রকাশিত: জুলাই ১২, ২০২৬, ১২:২০ পিএম
ছবি- রূপালী বাংলাদেশ

যশোরের বেনাপোল সীমান্তে অভিযান চালিয়ে  মালিকবিহীন অবস্থায় একটি  বিদেশি পিস্তল, একটি ম্যাগাজিন ও এক রাউন্ড গুলি উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) সদস্যরা।

শনিবার (১১ জুলাই) দুপুর আড়াইটার দিকে সীমান্তের বেনাপোল বড়আঁচড়া গ্রামের একটি আমবাগান থেকে এ পিস্তল, ম্যাগাজিন ও গুলি উদ্ধার করা হয়। এ সময় বিজিবি কাউকে আটক করতে পারেনি।  রাতে প্রেসনোটের মাধ্যমে বিষয়টি সংবাদকর্মীদের জানানো হয়। 

বিজিবি সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে বেনাপোল বিওপির টহল দল জানতে পারে যে, সীমান্ত এলাকায় অস্ত্র চোরাচালানের একটি বড় চালান অবস্থান করছে। এই তথ্যের ভিত্তিতে বিজিবির চৌকস দল বেনাপোল পোর্ট থানার সীমান্তবর্তী বড়আচড়া গ্রামের একটি আম বাগানে ঝটিকা অভিযান চালায়। এ সময় চোরাকারবারিরা বিজিবির উপস্থিতি টের পেয়ে অস্ত্র ফেলে পালিয়ে যায়। পরবর্তীতে তল্লাশি চালিয়ে মালিকবিহীন অবস্থায় ওই বিদেশি পিস্তল, ম্যাগাজিন ও গুলি উদ্ধার করা হয়।

যশোর ব্যাটালিয়নের (৪৯ বিজিবি) অধিনায়ক লে. কর্নেল গোলাম মোহাম্মদ সাইফুল আলম খান আটকের বিষয়টি নিশ্চিত করে জানান,জব্দকৃত অস্ত্র, ম্যাগাজিন ও গুলি আইনি প্রক্রিয়ার মাধ্যমে মামলা দায়ের করে বেনাপোল পোর্ট থানায় হস্তান্তর করা হয়েছে।

তিনি আরও জানান,  দেশের সার্বভৌমত্ব রক্ষা এবং সীমান্ত অপরাধ দমনে বিজিবির এ ধরনের কঠোর আভিযানিক কার্যক্রম সবসময় অব্যাহত থাকবে।