পটুয়াখালীর কলাপাড়া উপজেলার মহিপুর থানাধীন আলিপুর এলাকার ২ নম্বর ওয়ার্ডের নাইউরিপাড়া গ্রামে মিলি আক্তার মায়া (২৩) নামে এক গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। তিনি স্থানীয় ট্রাক শ্রমিক নাঈমের (২৫) স্ত্রী। নিহত মিলি চাঁদপুর জেলার খোরশেদ আলমের মেয়ে বলে জানা গেছে।
রোববার সকালে নিজ বাড়িতে স্ত্রীকে ঝুলন্ত অবস্থায় দেখতে পান নাঈম। এ সময় তার চিৎকারে স্থানীয় লোকজন ছুটে আসেন এবং খবর দেওয়া হয় মহিপুর থানা পুলিশকে।
স্থানীয় সূত্রে জানা যায়, ফেসবুকের মাধ্যমে পরিচয়ের সূত্র ধরে প্রায় দুই বছর আগে বিয়ে হয়েছিল মিলি ও নাঈমের। তবে ঠিক কী কারণে এই মর্মান্তিক ঘটনা ঘটল, তা এখনো নিশ্চিত হওয়া যায়নি।
খবর পেয়ে মহিপুর থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া শুরু করে।
এ বিষয়ে মহিপুর থানার ওসি শামীম আহম্মেদ বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে গৃহবধূর মরদেহ উদ্ধার করেছে। সুরতহাল প্রতিবেদন তৈরি করে মরদেহ ময়নাতদন্তের জন্য পটুয়াখালী মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। মৃত্যুর প্রকৃত কারণ জানতে তদন্ত চলছে। ময়নাতদন্ত প্রতিবেদন পাওয়ার পর পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

