ঝিনাইদহের মহেশপুরে ব্যবসায়ী মতিয়ার রহমান মতিকে গুলি করে হত্যাচেষ্টার অভিযোগে তার সহযোগী ইব্রাহীম ওরফে ইব্রাকে আটক করেছে পুলিশ।
সোমবার (৫ জানুয়ারি) সন্ধ্যা ৭টার দিকে বাগাডাঙ্গা গ্রাম থেকে তাকে আটক করা হয়। আটক ইব্রা বাগাডাঙ্গা গ্রামের টেনা হালসানার ছেলে।
পুলিশ সূত্রে জানা যায়, সোমবার বিকেল ৪টার দিকে বাগাডাঙ্গা গ্রামের আজিজুরের ছেলে মতিয়ার রহমান মতি মোটরসাইকেলযোগে মহেশপুর থেকে বাড়ি ফেরার পথে উপজেলার বাঁশবাড়িয়া ইউনিয়নের ভাষানপোতা এলাকায় পৌঁছালে পেছন থেকে তাকে গুলি করে পালায় তরিকুল ইসলাম ও তার সহযোগী ইব্রাহীম হোসেন ইব্রা।
পরে গুরুতর আহত অবস্থায় মতিয়ার রহমান মতিকে উদ্ধার করে মহেশপুর হাসপাতালে নিয়ে গেলে প্রাথমিক চিকিৎসা শেষে উন্নত চিকিৎসার জন্য তাকে যশোর ২৫০ শয্যা হাসপাতালে রেফার করা হয়। বর্তমানে তিনি সেখানে ভর্তি রয়েছেন।
সূত্র জানায়, গুলিবিদ্ধ মতিয়ার রহমান মতি সীমান্ত এলাকার সোনাসহ চোরাচালানের ঘাট নিয়ন্ত্রণ করতো। মূলত চোরাচালান ও টাকার ভাগাভাগি নিয়ে প্রতিপক্ষ তরিকুল ইসলাম আকালের সঙ্গে বিরোধ চলছিল।


