ঢাকা বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

একমাত্র আয়ের উৎস আগুনে পুড়ে দিশেহারা ইয়াহিয়া

কোটচাঁদপুর (ঝিনাইদহ) প্রতিনিধি
প্রকাশিত: ফেব্রুয়ারি ৪, ২০২৬, ০৫:৪৭ পিএম
ছবি : রূপালী বাংলাদেশ

ঝিনাইদহের কোটচাঁদপুর পৌর শহরের বড়বামনদহ গ্রামে গভীর রাতে দুর্বৃত্তের দেওয়া আগুনে মুদি দোকান ভস্মীভূত হাওয়ায় ঘটনা ঘটেছে।

মঙ্গলবার (০৩ ফেব্রুয়ারি) গভীর রাতে পরিকল্পিতভাবে দোকানে আগুন ধরিয়ে দেওয়া হয়েছে বলে অভিযোগ করেন দোকান মালিক ইয়াহিয়া হোসেন। একমাত্র আয়ের উৎস আগুনে পোড়ায় দিশেহারা পুরো পরিবার।

ভুক্তভোগী ইয়াহিয়া জানান, আনুমানিক রাত ৩টার দিকে আমার ছেলে প্রথম দোকানে আগুন দেখতে পেয়ে চিৎকার করলে পরিবারের সদস্য ও প্রতিবেশীরা ছুটে আসেন। দীর্ঘ প্রচেষ্টায় আগুন নিয়ন্ত্রণে এলেও ততক্ষণে দোকানের যাবতীয় মালামাল পুড়ে ছাই হয়ে যায়। এতে করে এক থেকে দেড় লাখ টাকার ক্ষতি হয়েছে বলে তিনি জানান। কারও সঙ্গে আমার ব্যক্তিগত কোনো শত্রুতা নেই। 

তিনি বলেন, আমার দোকানে স্থানীয় জামায়াত সমর্থকরা নিয়মিত চা খান ও আড্ডা দেন। ধারণা করছি রাজনৈতিক বিরোধের জেরে প্রতিপক্ষ গোষ্ঠী এই নাশকতা ঘটিয়েছে। দোকানটি ছিল ছয় সদস্যের পরিবারের একমাত্র উপার্জনের পথ। সব হারিয়ে তিনি এখন বাকরুদ্ধ। তিনি প্রশাসনের কাছে এই ন্যক্কারজনক ঘটনার সুষ্ঠু তদন্তের মাধ্যমে দোষীদের আইনের আওতায় আনার দাবি করেন।

কোটচাঁদপুর মডেল থানার পরিদর্শক (তদন্ত) এনায়েত আলী খোন্দকার জানান, আমরা ঘটনাস্থল পরিদর্শন করেছি এবং ক্ষতিগ্রস্ত ব্যক্তি কোটচাঁদপুর মডেল থানায় অজ্ঞাতনামা আসামিদের বিরুদ্ধে লিখিত অভিযোগ করেছেন। আমরা দ্রুত তদন্তসাপেক্ষে আইনি ব্যবস্থা গ্রহণ করব।